পুলিশ কর্মকর্তার বিচার চেয়ে বাদীর সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন নিহত মৌজে আলী মৃধার ছেলে নজরুল ইসলাম। বুধবার দুপুর
প্রথম আলো

বরিশালের গৌরনদীতে ইউপি নির্বাচনে সংঘর্ষে ওয়ার্ড সদস্যপদে বিজয়ী প্রার্থীর চাচাতো ভাই নিহতের ঘটনায় দায়ের করা মামলার বাদী অভিযোগ করেছেন, তাঁর মামলার কপি বদল করেছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবদুর রব হাওলাদার। ওই এএসপি মামলার এজাহার থেকে মূল হত্যাকারীদের নাম বাদ দিয়ে তাঁর তৈরি এজাহারে কৌশলে স্বাক্ষর নিয়ে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের আসামি করে হয়রানি করছেন।

বাদী ও নিহত মৌজে আলী মৃধার ছেলে মো. নজরুল ইসলাম (৩২) সংবাদ সম্মেলনে এএসপি আবদুর রব হাওলাদারের বিচার দাবি ও নির্বাচনে বিজয়ী প্রার্থী তাঁর চাচা ফিরোজ মৃধার মুক্তির দাবি জানান। আজ বুধবার দুপুরে গৌরনদী বন্দরের আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

আরও পড়ুন

প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত সোমবার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউপিতে ভোট হয়। ভোট চলাকালে ৯ নম্বর ওয়ার্ডের দুই সদস্য প্রার্থী ফিরোজ মৃধা ও মন্টু হাওলাদারের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে বোমা হামলায় বিজয়ী প্রার্থী ফিরোজ মৃধার চাচাতো ভাই মৌজে আলী মৃধাসহ দুজন নিহত হন। এ ছাড়া আহত হন দুই পক্ষের আরও ১০ জন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার নিহত ব্যক্তির ছেলে মো. নজরুল ইসলাম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় ১০১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া অপর নিহতের ঘটনায় আরও একটি হত্যা মামলা হয়।

বাদী ও নিহত মৌজে আলী মৃধার ছেলে মো. নজরুল ইসলাম (৩২) সংবাদ সম্মেলনে এএসপি আবদুর রব হাওলাদারের বিচার দাবি ও নির্বাচনে বিজয়ী প্রার্থী তাঁর চাচা ফিরোজ মৃধার মুক্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ‘খাঞ্জাপুরের ৯ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মন্টু হাওলাদারের নেতৃত্বে তাঁর সন্ত্রাসী বাহিনী বোমা হামলা চালায়। এতে বোমার আঘাতে আমার বাবা মৌজে আলী মৃধা নিহত হন। এ ঘটনায় মঙ্গলবার আমি নিজে বাদী হয়ে আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করি। কিন্তু আমার এজাহারে উল্লেখিত আসামিদের নাম বাদ দিয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার নির্বাচনে বিজয়ী আমার চাচা ফিরোজ মৃধাকে ১ নম্বর আসামি করেছেন। শুধু তা–ই নয়, নিহত ব্যক্তির পরিবারের সদস্যদেরই আসামি করা হয়েছে। মূল হত্যাকারীদের বাদ দিয়ে আমার অগোচরে আমার চাচা ফিরোজ মৃধাকে হত্যাকারী হিসেবে এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করে কোর্টে চালান দিয়ে পরিবারকে হয়রানি করছেন।’

মূল হত্যাকারীদের গ্রেপ্তার ও নির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধার মুক্তির দাবিতে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন। বুধবার বেলা তিনটার দিকে
প্রথম আলো

বাদী বলেন, কী কারণে আবদুর রব হাওলাদার নিজে উদ্যোগী হয়ে মূল আসামিদের নাম বাদ দিয়ে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের আসামি করেছেন, তা তাঁর বোধগম্য নয়। তিনি আবদুর রব হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও ফিরোজ মৃধার মুক্তির দাবি জানান।

দায়েরকৃত মামলায় ফিরোজ মৃধাকে তিনি ১ নম্বর আসামি করেছেন কি না, এমন প্রশ্নে বাদী নজরুল ইসলাম বলেন, ‘আমার ইচ্ছার বিরুদ্ধে এএসপি এজাহারের কপি বদল করে তাঁর ইচ্ছেমতো এজাহার দায়ের করে আমার সঙ্গে প্রতারণা করেছেন।’

আবদুর রব হাওলাদার সংবাদ সম্মেলনে করা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘ঘটনার পর নিহত ব্যক্তির পরিবার কিংবা বাদীর সঙ্গে অদ্যাবধি আমার কখনো দেখা হয়নি। সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।’

এদিকে বুধবার বেলা তিনটার দিকে নিহত ব্যক্তির স্বজন ও শতাধিক এলাকাবাসী মূল হত্যাকারীদের গ্রেপ্তার ও নির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধার মুক্তির দাবিতে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষুব্ধ ব্যক্তিরা চলে যান।