পুলিশ ছিট মানে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলিশ ছিট-টিট মানে না। ছিটের কথা কইলে গাইলায়। রাইতে এক সারিত দশ-বারোখান গাড়ি (মোটরসাইকেল) আইসে বাড়ি ঘিরি ফেলায়। ঘরের থাকি হিড় হিড় করি টানাহেঁচড়া করি ধরি নিয়া যায়।’ কথাগুলো বলছিলেন লালমনিরহাট জেলার পাটগ্রামের ভারতীয় ছিটমহল বড় খেঙ্গির বাসিন্দা বসির উদ্দিন।
বাংলাদেশের ভেতরে ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের বিরুদ্ধে বাংলাদেশের থানায় মামলার নিয়ম নেই। কিন্তু তবুও পাটগ্রামের ছিটের মানুষ পুলিশের নির্যাতনের শিকার বলে অভিযোগ করেছেন।
জীবনযাপনের অনিবার্য প্রয়োজনে ছিটের লোকেরা তাঁদের পাশের ইউনিয়ন পরিষদের ঠিকানা দিয়ে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র করিয়ে নিয়েছেন। পুলিশ এই জাতীয় পরিচয়পত্রের সূত্রে ছিটবাসীদের বাংলাদেশি নাগরিক হিসেবে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করে। অনেকের জাতীয় পরিচয়পত্র না থাকলেও বাংলাদেশের ভুয়া ঠিকানা দিয়ে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে হামলা, অগ্নিকাণ্ড, নারী-শিশু নির্যাতন, সন্ত্রাসী তৎপরতা—এসব মামলা দেওয়া হচ্ছে।

ধরপাকড় ও রাজনৈতিক মামলার শিকার ছিটমহলবাসী

পুলিশ অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। লালমনিরহাট জেলার পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, গত দেড় বছরের মধ্যে জেলার কোনো ছিটমহল বা তার আশপাশের কাউকে এ ধরনের মামলায় জড়ানো হয়নি।
গত তিন দিন পাটগ্রামের বড় খেঙ্গির, বাঁশকাটা, ভোটবাড়ি, রতনপুর, কুচলিবাড়ি, লতামারিসহ বিভিন্ন ছিটমহল সরেজমিনে ঘুরে দেখার সময় ছিটবাসীরা পুলিশি হয়রানি নির্যাতনের এসব অভিযোগ করেন। ১১৯ নম্বর বাঁশকাটা ছিটের সজীব মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতার মামলা হয়েছে। গ্রেপ্তারও করা হয়েছিল। এখন জামিনে আছেন। তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। বাঁশকাটায় অনেকগুলো ছিট। এই ছিটের খলিল হোসেন ও আবুল কালামের বিরুদ্ধেও সন্ত্রাসী তৎপরতার মামলা আছে। গ্রেপ্তার হয়ে এঁরা দুজনও ‘জেলখানা ঘুরে এসেছেন’।
এ ধরনের মামলা হয়েছে কুচলিবাড়ির মো. হাবিবের বিরুদ্ধে। খড়খড়িয়া ছিটের আজিজুল হক জানালেন তাঁর বয়স ৬০ বছর। এই বয়সে তাঁর বিরুদ্ধে হয়েছে শিশু ও নারী নির্যাতন মামলা। বড় খেঙ্গিরের মো. হাবিব ও সারোয়ার জাহানের বিরুদ্ধে হয়েছে বাড়িতে আগুন দেওয়ার মামলা।
গত বছর দশম জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সময় আতাউর রহমানের বিরুদ্ধে হয়েছে কুচলিবাড়ি লাল প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পোড়ানোর মামলা। টানা ৪২ দিন তাঁকে জেল খাটতে হয়েছে বলে জানান তিনি।
এ ধরনের মামলা থেকে রেহাই পাননি খোদ ছিটবাসীদের কেন্দ্রীয় নেতা ছিটমহল ইউনাইটেড কাউন্সিলের সভাপতি গোলাম মতিন মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় স্থানীয় ললিতারহাট প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচন প্রতিরোধকারী বাংলাদেশের বিরোধী দলের লোকেরা ভাঙচুর করে। তাঁর বিরুদ্ধেও এই হামলায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়। প্রায় সাত মাস কারাভোগ করে তিনি গত ১৭ জুলাই জামিনে ছাড়া পেয়েছেন।
কেন তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে জানতে চাইলে গোলাম মতিন বলেন,‘ছিটের লোকের অধিকার নিয়ে আমি জোরে কথা কই। পুলিশ ছিটের মানুষজন ধরলে প্রতিবাদ করি, বিবৃতি দিই। বিএসএফকে জানাই। তারা আমার ওপর অসন্তুষ্ট। আবার প্রতিপক্ষ সংগঠনও শত্রুতা করে। তারাও থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করে।’
ছিটের নেতৃস্থানীয় ব্যক্তি ও মামলায় হয়রানির শিকার হওয়া লোকেরা অভিযোগ করেন, ২০১৩ সালের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের হরতাল অবরোধ, নির্বাচন প্রতিরোধের ঘটনায় পুলিশের ওপর যখন ওপর থেকে আসামি ধরার চাপ আসে তখন তারা ছিটের লোকদের ধরে রাজনৈতিক মামলা দিয়ে চালান করে দেয়। পরে আদালত থেকে ছিটের লোকেরা জামিন নিয়ে জেল থেকে বেরিয়ে আসেন। ছিটের বাসিন্দা বলে অনেকের মামলা স্থগিত হয়ে যায়। তবে ছিটের বাসিন্দা এটা প্রমাণ করাও বেশ কঠিন হয়ে পড়ে। ভারত থেকে ছিটবাসীদের কোনো সনদ দেওয়া হয়নি। ছিটের সনদ বলতে একমাত্র জমির দলিল। অনেকের কাছেই আবার জমির দলিলও নেই। ফলে পুলিশ বাংলাদেশের নাগরিক হিসেবে যে মামলা দেয়, তা থেকে বেরিয়ে আসা অনেকের পক্ষেই দুরূহ হয়ে পড়ে।
পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম এসব অভিযোগ সম্পর্কে বলেন,‘আমি দায়িত্ব নেওয়ার পর গত দেড় বছরে জেলায় ৩৪২ জনের বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়েছে। এর মধ্যে কোনো ছিট বা ছিটের আশপাশের লোক নেই। এটা শতভাগ নিশ্চিত। আগে কোনো মামলা হয়ে থাকতে পরে।’ তিনি বলেন, ছিটের লোকদের একটু বাড়িয়ে বলার অভ্যাস আছে। তারা মনে করে বাড়িয়ে বললে বাড়তি নিরাপত্তা পাওয়া যাবে।
ছিটের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপার বলেন, প্রতিটি ছিটে ছিটবাসীকে গুজব, কানকথা বা দালালদের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকতে মাইকে প্রচার করা হয়েছে। কোনো সমস্যা সৃষ্টি হলে বা জরুরি প্রয়োজনে তাদের স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।
পাটগ্রামের ছিটমহলের অধিবাসীদের মনে এসব মামলা এখন নতুন করে ভীতির কারণ হয়ে উঠেছে। ছিটমহল হস্তান্তর হলে ছিটগুলো আর ভারতের অংশ থাকবে না। বাংলাদেশে একীভূত হবে। তখন এই স্থগিত মামলাগুলো আবার চালু হবে। কারণ, ফৌজদারি মামলা তামাদি হয় না। মূল ভূখণ্ডের সঙ্গে একাত্ম হওয়ার সময় ছিটবাসী আগের রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করারও আবেদন করেছেন সরকারের কাছে। যেন তাঁরা ভয় আতঙ্ক থেকে মুক্ত হয়ে দেশের নাগরিকত্ব লাভের আনন্দ উপভোগ করতে পারেন।