পুলিশ দেখে খাবার ফেলে পালালেন বাল্যবিবাহের বরযাত্রী
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি বাল্যবিবাহের আয়োজন পণ্ড হয়ে গেছে। স্থানীয় লোকজনের মাধ্যমে বাল্যবিবাহ আয়োজনের খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিয়েবাড়িতে হাজির হলে বরযাত্রীরা খাবার ফেলে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিশোরীর বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার কুলাউড়া পৌর শহরের বাদে মনসুর এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, জন্মসনদ অনুযায়ী কিশোরীর বয়স ১৪ বছর। তার বাবা ভ্যান চালান। প্রতিবেশী এক তরুণ (২৩) রিকশা চালান। কিশোরীর সঙ্গে ওই তরুণের সোমবার দুপুরে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম ও মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন কুলাউড়া থানার পুলিশ নিয়ে সেখানে যান।
তখন বরযাত্রীরা খাওয়া-দাওয়া করছিলেন। পুলিশ দেখে খাবার ফেলে তাঁরা দৌড়ে পালিয়ে যান। তবে বর-কনেসহ উভয় পক্ষের অভিভাবকেরা পালাতে পারেননি।
পরে সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করে তা আদায় করেন। এ ছাড়া কিশোরী প্রাপ্তবয়স্ক না হলে এ বিয়ে হবে না বলে বর-কনেসহ উভয় পক্ষের অভিভাবকেরা লিখিত মুচলেকা দেন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।