পুলিশ দেখে ছুটে গেলেন নারী, বললেন বাড়ি ফিরতে চান
রাস্তায় দায়িত্ব পালন করছিল একদল পুলিশ। তাদের কাছে ছুটে যান মমতাজ বেগম (৫৫)। বলেন, তিনি বাড়ি ফিরতে চান। বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। তবে কীভাবে তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চলে এসেছেন, তা বলতে পারেন না। পুলিশ নানাভাবে চেষ্টা করে ওই নারীর স্বজনদের সন্ধান পায়। খবর পেয়ে স্বজনেরা এসে তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন।
ওই পুলিশ দলটির নেতৃত্বে ছিলেন জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) অনিক রঞ্জন দাস। আজ বুধবার সকালে তিনি বলেন, মমতাজের আকুতিতে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন। এরপর স্বজনদের কাছে পৌঁছে দিতে তিনি চেষ্টা শুরু করেন। মমতাজ স্বজনদের কাছে ফিরেছেন, এটাই তাঁর কাছে আনন্দের।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনাটা ১৪ জুন বিকেলের। ওই সময়ে জুড়ী সদরের জাঙ্গিরাই এলাকায় বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে দায়িত্ব পালন করছিল একদল পুলিশ। নেতৃত্বে ছিলেন থানার এসআই অনিক রঞ্জন দাস। হঠাৎ ওই পুলিশ সদস্যদের কাছে ছুটে আসেন মমতাজ। বাড়ি ফেরার জন্য সহায়তা চান। কথাবার্তা বলে পুলিশ জানতে পারে, মমতাজের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। কিন্তু তিনি জুড়ীতে কীভাবে এলেন, তা বলতে পারছিলেন না। তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত দেখাচ্ছিল।
পরে এসআই অনিক তাঁকে দোকান থেকে কিছু খাবার কিনে দেন। এরপর তিনি মমতাজের দেওয়া তথ্যের সূত্র ধরে গফরগাঁও থানায় যোগাযোগ করেন। সংশ্লিষ্ট এলাকার এক ইউপি সদস্যের মুঠোফোনের নম্বর নিয়ে কথা বলেন। মমতাজের ভাই ফেরদৌস আহমদের মুঠোফোনের নম্বর জোগাড় করে দেন ওই ইউপি সদস্য। পরে ফেরদৌসের সঙ্গে কথা বলে এসআই অনিক নিশ্চিত হন, মমতাজ মানসিকভাবে ভারসাম্যহীন। তিনি সম্প্রতি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে ফেরদৌস জুড়ীতে এসে বোন মমতাজকে বাড়িতে নিয়ে যান। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, বেশ আগে মমতাজের বিয়ে হয়েছিল। কিন্তু দীর্ঘ সংসারজীবনে তাঁদের কোনো সন্তান হয়নি। একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন মমতাজ। পরে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে ভাইদের পরিবারে থাকেন মমতাজ।
ফেরদৌস বলেন, ৭ জুন কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বের হন। পরে আর ফেরেননি। বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এ অবস্থায় থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রস্তুতি নিচ্ছিল পরিবার। এরই মধ্যে জুড়ী থানা থেকে ফোন পান তিনি। বোন মমতাজকে ফিরে পেতে সহায়তা করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ফেরদৌস।