পুলিশ পরিচয়ে অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি গ্রাম থেকে গত শুক্রবার রাতে রেজাউল করিম (২৭) নামের এক কাপড় ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।

রেজাউল করিমের স্ত্রী আঁখি খাতুন অভিযোগ করেন, সাদা পোশাকে কয়েকজন ঘটনার সময় তাঁদের ঘরের বাইরে থেকে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁর স্বামীকে নাম ধরে ডেকে নেয়। গ্রামের এক ব্যক্তির বাড়ি দেখিয়ে দেওয়ার কথা বলে তাঁকে বাইরে নিয়ে যায়। এরপর থেকে রেজাউলের খবর পাওয়া যায়নি।

আঁখি খাতুন জানান, ঘটনার পর থেকে এখন পর্যন্ত কেউ কোনো মুক্তিপণও দাবি করেননি। তাকে কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না। বিষয়টি উল্লাপাড়া থানা-পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।

সিরাজগঞ্জের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামান বলেন, ডিবির কোনো সদস্য উল্লাপাড়ায় কোনো অভিযান চালায়নি। বিষয়টি প্রথম তিনি শুনলেন, তদন্ত করে দেখা হচ্ছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ জানান, এখন পর্যন্ত এ বিষয়ে ওই পরিবার থেকে থানায় জিডি করতে আসেননি। করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।