পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর টাকা নিয়ে উধাও
গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে আবুল বাশার নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়েছেন এক প্রতারক।
আজ রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের রেশনের চাল বিক্রির কথা বলে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন শফিক নামের ওই প্রতারক। এ ঘটনায় শহরের সাতপাই এলাকার রেলক্রসিং চালের বাজারের ব্যবসায়ী আবুল বাশার জেলা গোয়েন্দা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন।
আবুল বাশারের অভিযোগ, আজ বেলা ১১টার দিকে সাতপাই এলাকার রেলক্রসিং চালের বাজারে শফিক নামের ওই ব্যক্তির সঙ্গে তাঁর কথা হয়। শফিক নিজেকে গোয়েন্দা পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন। পরে তিনি পুলিশ সুপারের কার্যালয়ের থেকে রেশনের কিছু চাল সস্তায় তাঁর কাছে বিক্রি করতে চান। দামে সস্তা ভেবে আবুল বাশার ৪২টি চালের বস্তা ৬৭ হাজার টাকায় দরদাম ঠিক করেন। প্রতি বস্তায় ৫০ কেজি চাল থাকার কথা। সেই হিসাবে বস্তা প্রতি ১৫৯৫ টাকা ২৩ পয়সা দাম ঠিক হয়। এরপর কথিত পুলিশ সদস্য শফিক তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে নিয়ে গিয়ে অগ্রিম ৪৫ হাজার টাকা নেন। বাকি ২২ হাজার টাকা চাল পাওয়ার পর পরিশোধের কথা ঠিক হয়। টাকা দেওয়ার পর তাঁরা দুজনই পুলিশ সুপারের কার্যালয়ে ঢোকেন। এ সময় আবুল বাশারকে ভবনের নিচ তলায় ডিবি পুলিশের শৌচাগারের সামনে বসিয়ে রেখে দোতলায় যান শফিক। এরপর তাঁর আর কোনো খোঁজ নেই। শফিকের মোবাইল নম্বরে (০১৭৪১৮০৪০৯৩) আবুল বাশার ফোন দিলেও তা বন্ধ পাওয়া গেছে। বিষয়টি তাৎক্ষণিক ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানকে জানান ওই ব্যবসায়ী।
নেত্রকোনা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার সাহায্যে ওই প্রতারককে খুঁজে বের করার চেষ্টা চলছে।