পুলিশ পাহারায় আইনশৃঙ্খলা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের হলরুমে চলছে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা। হলের বাইরে পুলিশের প্রহরা। ছ​িবটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের হলরুমে চলছে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা। হলের বাইরে পুলিশের প্রহরা। ছ​িবটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

অবশেষে নাটোরের গুরুদাসপুরে গতকাল বুধবার মাসিক আইনশৃঙ্খলা (বিশেষ) সভা পুলিশ পাহারায় অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীর মধ্যকার চলমান দ্বন্দ্বকে ঘিরে নেওয়া হয়েছিল এ বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদের ওপর নির্যাতন ও গুপ্তহত্যার ঘটনা ঘটছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এই বিশেষ আইনশৃঙ্খলা সভা আহ্বান করা হয়েছিল। কিন্তু বেলা ১১টার দিকে পৌর মেয়র শাহনেওয়াজ আলী তাঁর সমর্থকসহ প্রায় ৩০-৪০টি মোটরসাইকেল নিয়ে উপজেলা চত্বরে ঢুকে পড়েন। এতে পরিস্থিতি বদলে যায়। পরে সাংসদ আবদুল কুদ্দুসকে পুলিশ পাহারায় তাঁর চাঁচকৈড়ের বাসা থেকে আইনশৃঙ্খলা সভায় আনা হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা সভার হলরুমের দুই পাশ ও উপজেলা চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বেলা ১১টা ৪০ মিনিটে গিয়ে দেখা গেছে, হলরুমের সামনে সাংসদ আবদুল কুদ্দুস ও মেয়র শাহনেওয়াজ আলীর সমর্থকেরা জটলা করছেন। ভেতরে চলছে সভা। সেখানে সাংসদ বক্তব্য দিচ্ছেন। তাঁর ডান পাশে ইউএনওসহ সরকারি কর্মকর্তারা আর বাঁয়ে উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী। দুপুর ১২টা ৮ মিনিটে বক্তব্য শেষ করেই সাংসদ পুলিশ পাহারায় বেরিয়ে অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে চলে যান। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয় সভা। সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইয়াসমিন আক্তার।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাংসদ নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছিলেন। তারপর থেকে সাংসদ বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্যে আছেন। তবে গতকাল শাহনেওয়াজ আলীর সমর্থকদের মোটরসাইকেল মহড়ায় আইনশৃঙ্খলা সভায় হট্টগোল হওয়ার আশঙ্কায় সভাস্থলে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়।
এ নিয়ে ইউএনও ইয়াসমিন আক্তার বলেন, ‘সবই সাংবাদিকসহ স্থানীয়দের জানা রয়েছে। এর বেশি কিছু বলতে চাই না।’
এ ব্যাপারে সাংসদের পক্ষ থেকে তাঁর ব্যক্তিগত সহকারী ইব্রাহিম হোসেন বলেন, ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইকে ঘিরেও দলের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী এক সভায় সাংসদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। এ ছাড়া মেয়রের চিহ্নিত কিছু লোক সাংসদের বাড়ির সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। এতে সাংসদ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, ইউপি নির্বাচন শেষ হয়েছে। বিবাদও শেষ। সাংসদ তাঁর দলের সভাপতি ও রাজনৈতিক গুরু। তাঁকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। তিনি ভুল ভাবছেন।