পুলিশ পেটানোর ঘটনায় শিবিরের আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গত মঙ্গলবার হরতাল-অবরোধ চলাকালে অস্ত্র কেড়ে নিয়ে দুই পুলিশকে পিটিয়ে জখম করার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের করা হয়েছে একটি মামলা। এদিকে হামলায় আহত পুলিশ সদস্যরা এখন মোটামুটি শঙ্কামুক্ত বলে জানা গেছে।
পুলিশ জানায়, পুলিশ সদস্যদের পেটানোর ঘটনায় নগরের শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে গত মঙ্গলবার রাতে একটি মামলা করেছেন। এতে ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে চিরুনি অভিযান চালিয়ে গতকাল বুধবার বিকেল পর্যন্ত ১১ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে আটজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ছাত্রশিবির কর্মী মাসুদ রানা, মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম, নাইয়ার, জনি, রমজান, সোহেল রানা ও শাহীনুর ইসলাম। আটক বাকি তিনজন হলেন: ফয়সাল, সুজন ও আতিক। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করেনি পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, তাঁরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন শিবির কর্মীরা এ হামলা চালিয়েছেন। মামলায় যাঁদের নাম ব্যবহার করা হয়েছে তাঁরা সবাই জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই পুলিশ কনস্টেবলের মধ্যে গতকাল সকালে আমজাদ হোসেনকে রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর পুলিশ কনস্টেবল শফিকুল ইসলামের মাথায় গুরুতর জখম রয়েছে। তাঁর একটি হাতও ভেঙে গেছে। তাঁকে ৮ নম্বর ওয়ার্ড থেকে অর্থোপেডিক সার্জারি বিভাগে স্থানান্তর করা হচ্ছে। দুজনই মোটামুটি শঙ্কামুক্ত।
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরের সপুরা এলাকায় মহসড়কের পাশে আলিফ লাম মিম ইটভাটার সামনে একটি পুলিশ ভ্যানে হামলা চালিয়ে পুলিশের বন্দুক কেড়ে ওই দুই পুলিশ সদস্যকে বেধড়ক পেটানো হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা ছাত্রশিবির কর্মী। তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে হামলায় জড়িত থাকার কথা নাকচ করে দেওয়া হয়েছে।
আবার সেই জসীম-শহিদুল: হামলায় শিবির নেতা জসীম উদ্দিন ও শহিদুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করছে পুলিশ। জসীমের বাড়ি শাহ মখদুম থানা এলাকার ভাড়ালীপাড়া মহল্লায়। শহিদুল তাঁর ছোট ভাই। জসীম রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক।
২০১৩ সালের ১ এপ্রিল নগরের শালবাগান এলাকায় শিবির কর্মীরা অস্ত্র কেড়ে নিয়ে এসআই জাহাঙ্গীর আলমকে পিটিয়ে মাথা থেঁতলে দিয়েছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম দুই আসামি জসীম ও শহিদুল। এদিকে গত মঙ্গলবারের ঘটনায় করা মামলারও আসামি হয়েছেন তাঁরা। পুলিশ বলছে, তাঁরা পলাতক।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমানের দাবি, মঙ্গলবার শহিদুল পেট্রল ঢেলে পুলিশ ভ্যানে আগুন লাগানোর চেষ্টা করেন। আর জসীম হামলায় সক্রিয়ভাবে অংশ নেন। এ ব্যাপারে তাঁরা নিশ্চিত হয়েছেন।
গতকাল নগরের চিত্র: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের দেশব্যাপী ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিন গতকাল রাজপথে জোটের কর্মী-সমর্থকদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। সকাল সাড়ে ১০টার দিকে নগরের হাদির মোড় এলাকায় ছাত্রশিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে রাস্তার ওপরে ইট ভাঙতে শুরু করেন। পরে পুলিশ এলে তাঁরা পালিয়ে যান।
অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। রাতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও সকালে সিল্কসিটি এক্সপ্রেস ধারণক্ষমতার দেড় গুণ বেশি যাত্রী নিয়ে রাজশাহী ছেড়ে যায়।