পুলিশ বক্সের সামনে বোমা উদ্ধারের ঘটনায় মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফয়সল আলম সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।
এদিকে বোমা উদ্ধারের ঘটনায় দুই দিনেও পুলিশ কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। তবে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলছেন, ওই ঘটনার পর থেকে পুলিশসহ বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পাওয়া যায়। তার ভেতর বোমাসদৃশ বস্তু ছিল। এ কারণে মহাসড়কের ওই অংশ ঘিরে রাখে পুলিশ। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে যায়। তারা নিশ্চিত হয়, বস্তুটি দূরনিয়ন্ত্রিত একটি বোমা। পরে রোবটের সাহায্যে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়। পুলিশ বলছে, বোমাটি বিস্ফোরণের সময় ৩০ মিটারের ভেতরে কোনো স্থাপনা বা মানুষ থাকলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটতে পারত।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।