পুলিশ, ব্যাংক, ভূমি কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রামে পুলিশ, ব্যাংক, ভূমি কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে পৃথক তিনটি মামলা করেন দুদক কর্মকর্তারা।
দুদক চট্টগ্রামের উপপরিচালক লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, জেলার সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী শাহানা সুলতানার বিরুদ্ধে ৬১ লাখ ৮০ হাজার ৭৭৩ টাকার অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে মামলা হয়।
আরেক মামলায় চট্টগ্রাম নগরের কাট্টলী সার্কেলের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাদাত হোসেন, অফিস সহকারী মো. এমদাদ হোসেন ও অফিস সহায়ক আমিনুল ইসলামকে আসামি করা হয়। শাহাদাতসহ আসামিরা তাঁদের পূর্ববর্তী কর্মস্থল আগ্রাবাদ সার্কেলের দক্ষিণ পাহাড়তলী ভূমি অফিসে থাকাকালে ২৫ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করেন। ওই টাকা ছিল ভূমি উন্নয়ন করের টাকা। ওই টাকা সরকারের কোষাগারে চালানের মাধ্যমে জমা দেওয়ার নিয়ম থাকলেও তাঁরা জমা না দিয়ে টাকা আত্মসাৎ করেন।
এ ছাড়া অগ্রণী ব্যাংক আগ্রাবাদ করপোরেট শাখার কর্মকর্তা রফিক উদ্দিন কোরাইশীর বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা করে দুদক। এজাহারে চট্টগ্রাম সিটি করপোরেশনের চেকের ৮৭ লাখ ৪২ হাজার ৯৭৭ টাকা আত্মসাতের অভিযোগে আনা হয়।