পুলিশ রেখে মাছ লুট করলেন আ.লীগ নেতা
গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু বাঁওড়ের পাড়ে এসে উপস্থিত হয় ৫০-৬০ ব্যক্তি। হাতে জাল-দড়া। সকাল আটটায় থানা থেকে এসে হাজির হয় উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল। এরপর আটটা ১০ মিনিটে পানিতে নেমে যায় ওই ৫০-৬০ জন। চলে মাছ ধরা। এই বক্তব্য বাঁওড়পারের বাসিন্দাদের।
বাঁওড় মালিকদের অভিযোগ, পুলিশ উপস্থিত রেখে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ওরফে টুলু তাঁদের প্রায় ১৫ লাখ টাকার মাছ লুট করেছেন।
বাঁওড়ের অন্যতম মালিক জাহাঙ্গীর কবির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শিশারকুণ্ডু গ্রামের কামরুজ্জামান টুলু তাঁদের বাঁওড় দখলের চক্রান্ত শুরু করেন। তিনি আওয়ামী লীগের লোকজন ও প্রশাসনের সঙ্গে আঁতাত করে গতকাল শুক্রবার ভোরে বাঁওড়ে যান। কামরুজ্জামানের ৫০-৬০ জন লোক প্রায় তিন ঘণ্টা মাছ ধরে। একপর্যায়ে তিনি কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবপ্রসাদ পালের কাছে অভিযোগ দেন। ইউএনও ভূমি অফিসের কর্মকর্তাদের বিষয়টি দেখার জন্য বলেন। এরপর ভূমি কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে পুলিশকে ইউএনওর নির্দেশ জানানোর পর মাছ ধরা বন্ধ হয়। এরই মধ্যে সন্ত্রাসীরা বাঁওড় থেকে প্রায় ১৫ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।
জাহাঙ্গীর বলেন, তাঁরা তিনজন মিলে বাঁওড়ে মাছ চাষ করেন। গত ফেব্রুয়ারি মাসে মাছের পোনা ছেড়েছিলেন। এখন পর্যন্ত প্রায় ১৭ লাখ টাকা ব্যয় হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে মাছ বিক্রি শুরু করার কথা।
আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান দাবি করেন, বাঁওড়টি তাঁদের। তাঁদের দখলেই আছে। তিনি অন্যের মাছ ধরতে যাননি।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার এসআই দাউদ হোসেন বলেন, ‘গোলমাল হতে পারে খবর পেয়ে আমরা গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর দেখি, কোনো গোলমাল নেই। কিছু সময় সেখানে অপেক্ষা করি। এরপর ইউএনওর পক্ষ থেকে মাছ ধরা বন্ধের নির্দেশ পেলে বুঝতে পারি, বিষয়টি নিয়ে ঝামেলা আছে। তখন ধমক দিয়ে মাছ ধরতে নিষেধ করি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, ‘বাঁওড় নিয়ে গোলমালের খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। আমরা কাউকে মাছ ধরার সুযোগ করে দেইনি।’