পুলিশ সদস্যের করোনা, মুকসুদপুর থানার সবাই কোয়ারেন্টিনে

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় কর্মরত এক পুলিশ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। ঘটনার পর আজ শনিবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সব সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। থানার নিয়মিত কার্যক্রম পরিচালনায় দায়িত্ব নিয়েছে নতুন একদল পুলিশ।
আক্রান্ত ওই পুলিশ সদস্য ৬ এপ্রিল জ্বর নিয়ে ছুটিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি গ্রামে নিজ বাড়িতে যান। এরপর তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরীক্ষা করে তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় বলে জানিয়েছেন মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আকন্দ।
সিভিল সার্জন আনোয়ারুল আমিন আরও জানান, করোনা–আক্রান্ত ওই পুলিশ সদস্যকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এ ঘটনায় আক্রান্ত পুলিশ সদস্যের বাড়িসহ আশপাশের আটটি গ্রাম লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
এদিকে এ ঘটনায় মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ফোর্সদের মুকসুদপুর সরকারি কলেজে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বর্তমানে নতুন পুলিশ সদস্য দিয়ে থানার নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান ওই থানার পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মমিন-উল-হাবিব প্রথম আলোকে বলেন, এখানে থাকা অবস্থায় ওই পুলিশ সদস্যের জ্বর ছিল। যে চিকিৎসক ওই পুলিশ সদস্যকে চিকিৎসা দিয়েছেন, তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে অন্য কোনো পুলিশ সদস্যের নমুনা এখনো সংগ্রহ করা হয়নি। যাঁরা আক্রান্ত ওই পুলিশ সদস্যের সংস্পর্শে ছিলেন, তাঁদের চিহ্নিত করার পর নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে।
স্বাস্থ্য কর্মকর্তা মমিন আরও জানান, এ পর্যন্ত মুকসুদপুর উপজেলা থেকে ১৭ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১০ জনের পরীক্ষার ফল পাওয়া গেছে। তবে তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হননি। বাকি সাতজনের প্রতিবেদন পাওয়া যায়নি। আজও কয়েকজনের নমুনা পাঠানো হবে।