পুলিশকে টাকা দিয়ে মুক্তি?
রাজশাহী নগরের শিরোইল এলাকা থেকে আটকের পর টাকা নিয়ে আট জুয়াড়িকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, আর জুয়া খেলবে না বলে মুচলেকা (বন্ড) দেওয়ার কারণে তাদের ছাড়া হয়েছে।
ছাড়া পাওয়া ব্যক্তিরা হলেন: নগরের কুমারপাড়া এলাকার সেলিম (৪০), শিরোইলের সেলিম রেজা ওরফে বিষু (৩৫), মুন্না (৩৫), হাসিবুল আলম (৩৬), সাগরপাড়ার আবদুল গফুর (৪৫), সুলতানাবাদের জাহাঙ্গীর আলম (৪০), রানীনগরের আজাহারুল ইসলাম (৩২) ও টিকাপাড়ার আরিফুল ইসলাম (৩০)।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার দিবাগত রাত একটার দিকে নগরের শিরোইল এলাকার গোধূলী সুপার মার্কেটের একটি জুয়ার বোর্ড থেকে টাকাসহ ওই আটজনকে আটক করে পুলিশ। সেখান থেকে তাঁদের প্রথমে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। রাতেই আবার তাঁদের নগরের বোয়ালিয়া থানায় আনা হয়। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব চৌধুরী থানায় গিয়ে আরিফুল ইসলামকে ছাড়িয়ে নেন। পরদিন সোমবার দুপুরে বাকি সাতজনকে আবার রাজশাহী মহানগর গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়। বেলা সাড়ে তিনটার দিকে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে সাতজনকে ছেড়ে দেওয়া হয়।
জানতে চাইলে মাহাতাব চৌধুরী প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা মোটরশ্রমিক। তাঁদের ছাড়াতে যাননি তিনি, বরং পুলিশকে বলে এসেছেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে।
বোয়ালিয়া থানার ওসি আবদুস সোবহান বলেন, জুয়ার বোর্ড থেকে ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে। জব্দ তালিকা তৈরির পর আবার তাঁদের মহানগর গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়। তাঁদের ব্যাপারে কী সিদ্ধান্ত হয়েছে, তা সেখান থেকেই জানতে হবে।
তাৎক্ষণিকভাবে যোগাযোগ করলে মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন বলেন, জুয়াড়িদের ধরলে যা হওয়ার তাই হবে। এ ব্যাপারে আর কিছু বলা হবে না।
গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর নাম প্রকাশ না করার শর্তে একজন প্রথম আলোকে বলেন, জুয়ার বোর্ডের দুই জায়গায় ৪০ হাজার ও ২৪ হাজার টাকা ছিল। আর ড্রয়ারে আরও সাত হাজার টাকা ছিল। সবই পুলিশ নিয়ে গেছে। কিন্তু জব্দ তালিকায় ২০ হাজার টাকা দেখানো হয়েছে। গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ছেড়ে দেওয়ার সময় তাঁদের সঙ্গে চুক্তি হয়েছে যে, তাঁদের ২০ হাজার টাকা পুলিশের কাছে জমা রয়েছে। ঈদের সময় কিছু দুস্থ মানুষকে কাপড় দিতে হবে। ১০০ দুস্থ নারীর শাড়ি কিনতে আরও ১৫-২০ হাজার টাকা যা লাগবে তা দিতে হবে। সবাই মিলে এই টাকা দিয়ে ছাড়া পেয়েছেন।
এরপর আবার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এগুলো ঠিক না। তাঁদের আরএমপি ধারায় চালান দেওয়া হলেও সোমবার আবার আদালত থেকে ছাড়া পেয়ে যেতেন। আবার জুয়ার আইনে দিলেও সোমবারই তাঁরা ছাড়া পেতেন। তার চেয়ে তাঁরা একটা বন্ড দিয়েছেন যে, তাঁরা আর জুয়া খেলবেন না। তাঁরা মোটরশ্রমিক। সামনে ঈদ। তাঁদের জন্য এটাই ভালো হয়েছে।