‘পুলিশি নির্যাতনে’ মৃত্যু: দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘পুলিশি নির্যাতনে’ উজির মিয়ার মৃত্যুর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিল নামের একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন হয়।
বক্তারা বলেন, উজির মিয়ার মৃত্যুর ঘটনা প্রত্যেক বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে। এভাবে কারও মৃত্যুই কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে বাড়ি থেকে তুলে এনে এমন অমানবিকভাবে নির্যাতন করতে পারে না। এটা মানবাধিকারের লঙ্ঘন। এ জন্য দোষী ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি আশিক মিয়া সিকদার, সাধারণ সম্পাদক আইনজীবী আবদুল জলিল, সুনামগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী মাসুক আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল তুহিন, আইনজীবী মনীষ কান্তি দে, মতিয়া বেগম প্রমুখ।
উজির মিয়ার বাড়ি উপজেলার শত্রুমর্দন গ্রামে। ছোটখাটো ব্যবসা করতেন তিনি। একসময় ছিলেন সৌদি আরবে। এলাকায় চুরির বিরুদ্ধে সোচ্চার ছিলেন উজির মিয়া। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে উজির মিয়া পুলিশের নির্যাতনের শিকার হন বলে অভিযোগ উঠেছে। আর সেই নির্যাতনেই তাঁর মৃত্যু হয়।
উজির মিয়াকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছিল শান্তিগঞ্জ থানা-পুলিশ। পরদিন তাঁকে একটি চুরির মামলায় আদালতে পাঠালে জামিনে মুক্ত হন। এর পর থেকে উজির মিয়া গুরুতর অসুস্থ হন তিনি। এ অবস্থায় ২১ ফেব্রুয়ারি দুপুরে মারা যান উজির মিয়া। এ ঘটনায় বিচারের দাবিতে তাঁর লাশ নিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।