পুলিশি হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় মামলা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পুলিশের পিকআপ ভ্যান থেকে মো. মাসুম ওরফে মুন্না (২২) নামের চুরি মামলার আসামি পালানোর ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে ভান্ডারিয়া থানা থেকে পিরোজপুর আদালতে নেওয়ার পথে স্থানীয় বলবাড়ি এলাকায় মাসুম পুলিশের পিকআপ ভ্যান থেকে পালিয়ে যান। এরপর বেলা তিনটার দিকে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী মল্লিক বাড়ির বাগান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মাসুম উপজেলার তেলিখালী গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাসুম দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আছেন। ঢাকার একটি আদালতে চুরি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাঁর নামে। গত শুক্রবার রাতে পুলিশ তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। গতকাল সকালে তাঁকে পিরোজপুর আদালতে নেওয়ার পথে তিনি হাতকড়া খুলে পালিয়ে যান। চার ঘণ্টা পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। এ ঘটনায় মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, পুলিশের পিকআপ ভ্যান থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় মাসুমের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।