পুলিশি হয়রানি বন্ধ না হলে পরিবহন ধর্মঘটের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে চাঁদাবাজি, পুলিশি হয়রানি বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছেন ট্রাক-কাভার্ড ভ্যানের মালিক ও শ্রমিকেরা। দাবি না মানলে ২৭ ও ২৮ সেপ্টেম্বর—দুই দিন পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচির আয়োজনে ছিল ময়মনসিংহ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। তাদের ১০ দফা দাবির মধ্যে আরও রয়েছে—ড্রাইভিং লাইসেন্স জটিলতা নিরসন, সড়ক দুর্ঘটনায় হত্যা মামলা প্রত্যাহার, মালামাল চুরি–ডাকাতি ও ছিনতাই রোধ, বর্ধিত আয়কর প্রত্যাহার এবং করোনাকালে আগের ন্যায় জরিমানা ব্যতীত গাড়ির কাগজপত্র হালনাগাদের সুযোগ প্রদান।

মানববন্ধনে জেলা মোটর শ্রমিক মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ট্যাংক–লরি ও প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী, সদস্যসচিব তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মোতালেব, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চাঁন মিয়া প্রমুখ।