পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মো. হাসান (৪৮) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নওগাঁ পুলিশ লাইনস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে নওগাঁর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটক হওয়া হাসানের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার গগনপুর পূর্বপাড়া গ্রামে।

নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের মতো নওগাঁতেও সোমবার থেকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রথম ধাপের প্রথম দিনের বাছাই পরীক্ষা শুরু হয়। নওগাঁ পুলিশ লাইনস প্রশাসনিক ভবনে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার আগে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, কিছু প্রতারক কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পুলিশ লাইনস এলাকায় চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে নামে ডিবি পুলিশের একটি দল। দুপুর ১২টা ৪৫ মিনিটে পুলিশ লাইনসের সামনের রাস্তায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে টাকা লেনদেনের সময় ৫০ হাজার টাকাসহ হাসান নামের ওই ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। এ সময় ওই এলাকায় প্রচণ্ড ভিড় থাকায় তাঁর অন্য সহযোগী ও টাকা প্রদানকারী তরুণ সেখান থেকে পালিয়ে যান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, ‘নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে চাকরিপ্রত্যাশী প্রত্যেক ব্যক্তিকে সাতটি ধাপ সফলভাবে পাস করতে হবে। এই সাতটি ধাপের কোনো একটিতে অযোগ্য প্রমাণিত হলে তিনি আর নিয়োগ পাবেন না। নতুন নিয়মে টাকা নিয়েও এখন আর কেউ পুলিশে চাকরি দিতে পারবেন না। কোনো প্রতারক চক্র পুলিশে চাকরি দেওয়ার নাম করে এই নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করুক, এটা আমরা হতে দেব না।’