পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৭৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশে যাওয়ার পথে মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৭৬ নেতা–কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছে পুলিশ। সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোজাফফর আলী বাদী হয়ে গতকাল বুধবার দিবাগত রাতে এ মামলা করেন।
মামলায় এজাহারভুক্ত আসামি জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গতকাল রাত তিনটার দিকে শহরের কলেজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে সুধারাম থানা–পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে একজন এসআইসহ তিন পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় আহত এসআই বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বিএনপির কোনো নেতা–কর্মী পুলিশের ওপর হামলা করেনি, বরং পুলিশই বিনা কারণে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করেছে। এতে দলের কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন। বিএনপিকে কোণঠাসা করার জন্য পুলিশ থানায় একটি সাজানো মামলা করেছে বলে তিনি দাবি করেন।
প্রসঙ্গত, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল বিকেলে কেন্দ্রীয় বিএনপির আহ্বানে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশে যোগ দেওয়ার জন্য বিএনপির নেতা–কর্মীদের একটি মিছিল সার্কিট হাউস সড়ক অতিক্রমের সময় সুধারাম থানা–পুলিশের একটি দল তাঁদের বাধা দেয়। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।