দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিতে জুয়া বন্ধে সচেতনতা সৃষ্টি ও পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে। এ পথে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা এ দাবি জানিয়েছেন।
গত শুক্র ও শনিবার রাতে এ প্রতিবেদক কয়েকটি ফেরিতে ভ্রমণ করেন। দুদিনই তিনি রাত নয়টা থেকে গভীর রাত পর্যন্ত ফেরিতে ছিলেন। ওই সময়ে কোনো জুয়া খেলা নজরে পড়েনি। কোনো ফেরিতে পুলিশেরও দেখা মেলেনি।
একটি বাসে ঢাকা থেকে খুলনায় যাচ্ছিলেন ব্যবসায়ী আমিনুল ইসলাম। ফেরি পার হওয়ার সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি, জুয়াড়িদের হাত থেকে রক্ষা পেতে প্রথমত সবাইকে সচেতন করতে হবে। বাসের চালক বা তত্ত্বাবধায়ককে ফেরিতে জুয়া খেলা ও ছিনতাইয়ের বিষয়ে যাত্রীদের জানাতে হবে। পাশাপাশি ফেরি কর্তৃপক্ষ জুয়াড়িদের ফেরিতে উঠতে দেখামাত্র মাইকে তা জানিয়ে দেবে। এ ছাড়া মাঝেমধ্যে পুলিশকে সাদাপোশাকে দুই ঘাট থেকে একই সঙ্গে অভিযান চালাতে হবে। তবেই জুয়া বন্ধ করা সম্ভব।’
ঢাকা কলেজের দর্শন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র মেহেদী হাসান (২৮) বাসে চেপে যশোরের ঝিকরগাছায় বাড়িতে যাচ্ছিলেন। ‘একমাত্র প্রশাসনই (পুলিশ) পারে জুয়া বন্ধ করতে। কারণ, প্রশাসনের যোগসাজশ ছাড়া কখনোই ফেরিতে জুয়া খেলা সম্ভব নয়।’ বলেন মেহেদী।
একটি বাসের তত্ত্বাবধায়ক নুরুল ইসলামের মতে, ফেরিতে জুয়া খেলা হয় না, হয় ডাকাতি। এরা ডাকাতের চেয়েও ভয়ংকর। তারা কয়েক মিনিটের জন্য জুয়ার আসর বসিয়ে যাত্রীদের মেরে-কেটে সবকিছু কেড়ে নেয়।
ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী বাসের চালক মো. স্বপন শেখ বলেন, ‘কারা জুয়া খেলে, কাদের মদদে চলে, সবাই তা জানে। দুই ঘাটের পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চাইলে জুয়া বন্ধ করা সম্ভব। আমরা ফেরিতে ওঠার সঙ্গে সঙ্গে যাত্রীদের সাবধান থাকতে বলে দিই।’
শনিবার রাতে রো রো ফেরি ‘শাহ আলী’র দ্বিতীয় মাস্টার সাজ্জাদ হোসেন (৩৫) বলেন, ‘চার-পাঁচ দিন আগে ট্রলারে করে এ ফেরিতে জুয়াড়িরা উঠে যাত্রীদের অনেক কিছু কেড়ে নিয়েছে বলে শুনেছি। বিষয়টি দুই ঘাট এলাকার পুলিশ প্রশাসনকে জানানোর পরও জুয়া খেলা থেমে নেই। ফেরিতে পুলিশ থাকার কথা, কিন্তু কোনো পুলিশ নেই।’
‘শাহজালাল’ ফেরির দ্বিতীয় মাস্টার মো. নজরুল ইসলাম (৫০) বলেন, ‘মাঝেমধ্যে ফেরিতে জুয়া খেলতে দেখি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো ছাড়া আমাদের কী করার আছে? আমরা কিছু বলতে গেলে মার খেতে হয়। এরা খুবই খারাপ মানুষ। প্রশাসনকে বলেও কাজ হচ্ছে না।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শেখ মো. নাসিম জানান, শুধু রাতে নয়, এখন দিনের বেলায়ও সুযোগ পেলে জুয়া খেলা হয়। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইউটিলিটি ফেরি ‘বনলতা’য় একদল জুয়াড়ি জুয়ার আসর বসিয়ে প্রতিবন্ধী যাত্রীর পাঁচ হাজার টাকা কেড়ে নেয়। পরে ওই ব্যক্তিসহ কয়েক যাত্রী চার জুয়াড়িকে আটক করে পাটুরিয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। জুয়া বন্ধে গত সপ্তাহে মানিকগঞ্জ ও রাজবাড়ী পুলিশ সুপারসহ (এসপি) দুই ঘাট এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। গত সপ্তাহে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়েও এক সভায় জুয়া বন্ধে আলোচনা হয়। সেখানে পুলিশের ডিআইজিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার তাপতুন নাসরীন বলেন, ‘আগে নৌ ফাঁড়ির পুলিশ আমাদের নিয়ন্ত্রণে ছিল। এখন নৌপথের সবদিক নৌ পুলিশ ঢাকা থেকে নিয়ন্ত্রণ করে। বিআইডব্লিউটিসি থেকে জুয়া বন্ধে চিঠি দিয়েছে। বিষয়টি নৌ পুলিশের এসপিকে জানানো হয়েছে। এর সঙ্গে পুলিশের কেউ জড়িত থাকলে তারাই তা দেখবে।’