পুলিশের কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের কাছ থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামি। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের আমতলী বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি আজ রোববার দুপুরে জানাজানি হয়। তবে বিকেল চারটা পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পালিয়ে যাওয়া ওই আসামি নাম মো. পলাশ (৩০)। তিনি পলাশ উপজেলার আবদুল্লাহপুর গ্রামের হোসেন আহমেদের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে কয়েক দিন আগে আদালতে মামলাটি করেন পলাশের স্ত্রী। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পলাশ।

বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম জিলানী বলেন, আসামি পলাশ আমতলী বাজারে বসেছিলেন। তাঁর হাতে ধরতে না ধরতেই ধাক্কা দিয়ে পলাশ পালিয়ে যান। তাঁর হাতে হাতকড়াও পরানো যায়নি। পরে তাঁকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পলাশকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে। এটি আদালত থেকে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানা।