পুলিশের কাছে ‘মূল পরিকল্পনাকারীর’ দায় স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই শিশুকে মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে হত্যায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন ঘটনার মূল পরিকল্পনাকারী সফিউল্লাহ ওরফে সোফাই সরদার (৪৮)। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে ঘটনার ১৮ দিন পর গতকাল বিকেলে ঢাকার আবদুল্লাহপুর থেকে সফিউল্লাহকে গ্রেপ্তার করে আশুগঞ্জ থানার পুলিশ। তিনি আশুগঞ্জ উপজেলার মৈশার গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার একটি চাতালে কাজ করেন এবং চাতালশ্রমিকদের সরদার। ঢাকার আবদুল্লাহপুর থেকে রংপুরে যাওয়ার জন্য বাসের ওঠার সময় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, মামলার পর থেকে সফিউল্লাহকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের কারণে সফিউল্লাহ আত্মগোপনে ছিলেন। পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সফিউল্লাহ ঢাকা হয়ে সৈয়দপুর দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। গতকাল সকালে জেলার সরাইল বিশ্বরোড মোড় থেকে ঢাকায় পৌঁছান সফিউল্লাহ। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে বিকেল সাড়ে পাঁচটার দিকে আবদুল্লাহপুরের হানিফ বাস কাউন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়।

মোহাম্মদ আনিসুর রহমান আরও বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে সফিউল্লাহ হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার আগে বিষ মেশানো পাঁচটি মিষ্টি দুই শিশুর মায়ের হাতে পৌঁছে দেওয়ার কথাও সফিউল্লাহ পুলিশকে জানিয়েছেন বলে দাবি করেন তিনি। স্থানীয় কয়েকজন সফিউল্লাহ ও দুই শিশুর মা রিমাকে প্রশ্রয় দিয়েছিলেন—এমন দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরাও মামলায় আসামি হবেন। ঘটনার তথ্য-প্রমাণের সঙ্গে তাঁর দেওয়া বক্তব্য যাচাই করা হচ্ছে।

সফিউল্লাহ ওরফে সোফাই সরদার
ছবি: প্রথম আলো

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুর রহমান, পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) ইমতিয়াজ আহমেদ, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নজরপাড়া গ্রামের ইসমাইল হোসেনের দুই শিশু ইয়াসিন ও মুরসালিন মারা যায়। দুই শিশুর মৃত্যুর ঘটনায় ১৬ মার্চ তাদের দৃষ্টিপ্রতিবন্ধী বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে দুই শিশুর মা মোছা. রিমা (২৫) ও সফিউল্লাহকে আসামি করে আশুগঞ্জ থানায় মামলা করেন। এরপর পুলিশ রিমাকে গ্রেপ্তার করে। প্রেমিককে বিয়ে করে নতুন সংসার করার জন্য দুই ছেলেকে হত্যার কথা স্বীকার করে ১৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি দেন রিমা।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেল পাঁচটার দিকে সফিউল্লাহ বাড়িতে এসে রিমাকে বিষ মেশানো পাঁচটি মিষ্টি দিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী, জ্বর এসেছে বলে শিশুদের দাদিকে দিয়ে স্থানীয় মা ফার্মেসি থেকে নাপা সিরাপ আনতে পাঠান। সে সময় রিমা বড় ছেলে ইয়াছিনকে তিনটি ও ছোট ছেলে মুরসালিনকে দুটি মিষ্টি খাওয়ান। শিশুদের দাদি নাপা সিরাপ নিয়ে বাড়িতে এলে সেখান থেকে আধা চামচ করে দুই সন্তানকে খাওয়ান রিমা। কিছুক্ষণের মধ্যেই দুই শিশুর মুখ দিয়ে লালা বের হয়। পরে তারা বমি করে। এরপর তাদের প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাড়ি নেওয়ার পথে রাস্তায় রাত ৯টার দিকে মুরসালিন ও রাত ১০টার দিকে ইয়াছিনের মৃত্যু হয়।

আরও পড়ুন