
অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যার সঙ্গে কারা জড়িত, সে ব্যাপারে ঘটনার তিন দিনেও সুনির্দিষ্ট কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে সন্দেহভাজন হিসেবে গতকাল সোমবার পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে। তাঁরা সবাই জামায়াতে ইসলামী ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। তবে নিরীহ ব্যক্তিরাও আটক হয়েছেন বলে অনেকের অভিযোগ।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে গতকালও ক্লাস-পরীক্ষা বর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। খুনিদের শনাক্ত করে শাস্তির দাবিতে শিক্ষকসমাজসহ বিভিন্ন সংগঠন ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করে।
মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) এস এম নাহিদুল ইসলাম বলেছেন, তাঁরা ধারণা করছেন, এটি কোনো জঙ্গি সংগঠনের কাজ; যাদের পেছনে রয়েছে জামায়াত-শিবির। এ কারণে জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত ব্যক্তিদেরই আটক করা হয়েছে। তিনি বলেন, সূত্রহীন একটি ঘটনার ব্যাপারে তাৎক্ষণিকভাবে সব তথ্য পাওয়া যায় না। এ জন্য নিরীহ কেউ আটক হতে পারেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে।
নাহিদুল ইসলাম আরও বলেন, আনসার আল ইসলাম বাংলাদেশ-২ নামের কোনো সংগঠন থেকে থাকলে তারাও জামায়াতের তৈরি। তাদের ফেসবুকের স্ট্যাটাস নিয়ে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত তাদের সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। তিনি বলেন, ওই শিক্ষকের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য তাঁর বাসা থেকে আটক ছাত্রীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। মেয়েটির বাড়িও গাইবান্ধায়। অভিভাবক হিসেবে ওই শিক্ষক তাঁকে দেখাশোনা করতেন।
পুলিশ কমিশনার বদলি: রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহাবুবুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। গতকাল দুপুরে রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে এ আদেশ আসে। তাঁর জায়গায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আটক নিয়ে মিশ্র তথ্য: বদলি আদেশ পাওয়ার আগে সকালে মহানগর পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান ৩৪ জনকে আটকের তথ্য দিয়েছিলেন। কিন্তু তখন মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছিলেন, আটকের সংখ্যা অর্ধশত। অবশ্য বিকেলে উপকমিশনার (পূর্ব) নাহিদুল ইসলাম জানান, এ পর্যন্ত প্রকৃত আটকের সংখ্যা ২৬ জন। এঁদের মধ্যে ১১ জনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন বিনোদপুরের ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, পল্লি চিকিৎসক মোশাররফ হোসেন, মাদ্রাসাশিক্ষক ফজলুল হক, শিক্ষক শফিউলের প্রতিবেশী মশিউর রহমান ও হাসিবুর রহমান, আবদুল্লাহ আল মাহমুদ, ফজলুল হক, আরিফ, সাগর, জিন্নাহ, রেজাউল করিম এবং সাইফুদ্দীন।
নির্বিচারে আটকের অভিযোগ: আটক হাসিবুর ও মশিউর গতকাল থানায় সাংবাদিকদের বলেন, তাঁদের ভাতিজা জানালা দিয়ে ঘটনাটি দেখেছিল। তার কাছ থেকে শুনে তাঁরা পুলিশকে তথ্য দিয়েছিলেন। সে কারণে তাঁদের আটক করা হয়েছে।
মাদ্রাসাশিক্ষক ফজলুল হকের বাড়ি দুর্গাপুরে। তাঁর অভিযোগ, তিনি একজন মিস্ত্রি সঙ্গে নিয়ে শহরে আসবাব কিনতে এসেছিলেন। নগরের ভদ্রা মোড় থেকে মোটরসাইকেলসহ তাঁকে আটক করা হয়। তাঁর মিস্ত্রিকেও আটক করা হয়েছিল। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ জানান, তাঁর সংগঠনের সাংঠনিক সম্পাদক রাজু আহমেদকে তাঁর শ্যামপুরের বাড়ি থেকে রোববার রাতে পুলিশ আটক করেছে। এ ছাড়া ওই রাতে বিনোদপুর এলাকার ছাত্রাবাস থেকে সংগঠনের কর্মী মীরাজুল ইসলাম ও মাযহারুল ইসলামকে আটক করা হয়। তিনি নির্দোষ ব্যক্তিদের হয়রানি না করে প্রকৃত দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
এ ছাড়া রোববার রাতে নগরের তালাইমারী এলাকা থেকে কুয়েট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তামিমকে আটক করে গতকাল বিকেলে ছেড়ে দেওয়া হয়।
গত শনিবার দুপুরে নগরের চৌদ্দপাই এলাকায় অধ্যাপক শফিউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।
প্রতিবাদমুখর ক্যাম্পাস: অধ্যাপক শফিউল হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো গতকালও ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি কামরুল ইসলাম মজুমদার জানান, আজ মঙ্গলবারও তাঁরা ক্লাস-পরীক্ষা বর্জন করবেন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, প্রক্টর তারিকুল হাসান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন প্রমুখ অংশ নেন। তাঁরা দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা বিচারের দীর্ঘসূত্রতা দেখতে চাই না। অনতিবিলম্বে তাদের বিচার দেখতে চাই।’
বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা শোক র্যালিও করেন। শোক পদযাত্রা করেছে সাংস্কৃতিক জোট।
ঢাকায় মানববন্ধন: বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, অধ্যাপক শফিউল ইসলাম হত্যায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবিতে গতকাল দুপুরে অপরাজেয় বাংলায় মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশের প্রগতিশীল শিক্ষকদের ধ্বংস করার জন্যই এ ধরনের হত্যাকাণ্ড চালানো হয়েছে। জঙ্গি ও উগ্রবাদী সংগঠনের নেতা-কর্মীদের এ দেশ থেকে বিতাড়িত করতে হবে। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন, অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক লায়লা নূর ইসলাম, অধ্যাপক আবুল মনসুর আহমেদ প্রমুখ।