চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় খোয়া যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার মিরের হাট এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সংঘর্ষের সময় হাটহাজারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউসুফের একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি খোয়া যায়। এই ঘটনায় থানায় মামলা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে খোয়া যাওয়া অস্ত্র ও গুলি মিরের হাটে একটি জঙ্গলে রয়েছে। পরে সেখান থেকে সেগুলো উদ্ধার করা হয়।
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। হাটহাজারীতে গুলিতে চারজন নিহত হয়। এ সময় মাদ্রাসার ছাত্ররা হাটহাজারীর থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় হাটহাজারী থানায় ৪ হাজার ৫০০ জনকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। এতে জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।