‘পুলিশের ঝামেলা থাকলেও আয়টা একটু বেশি হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রীর অপেক্ষায় রিকশা নিয়ে বসে থাকেন চালক মিন্টু মিয়া। আজ রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায়।
ছবি: মাসুদ রানা

কঠোর বিধিনিষেধের মধ্যে গাজীপুরে যন্ত্রচালিত যানবাহন চলাচল কম। এরপরও অনেকে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন। আর এতে ব্যবহার করছেন রিকশা। গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকার রিকশাচালক মো. সুজন বলছিলেন, ‘এই সময়টাতে পুলিশের ঝামেলা থাকলেও আয়টা একটু বেশি হয়। তাই ঝুঁকি নিয়েই রিকশা নিয়ে বের হয়েছি। সকাল ৯টার মধ্যে আয় হয় ১৭৫ টাকা।’

সুজনের মতো চন্দ্রা ত্রিমোড় এলাকায় আজ রোববার সকালে রিকশা নিয়ে বের হন মিন্টু মিয়া। ঈদের আগে যা আয় করেছিলেন, তা শেষের পথে। তাই রিকশা নিয়ে বের হন। মিন্টু বলেন, জমানো টাকাগুলো শেষ হয়ে গেলে তখন ঘরে আর খাওয়ার কিছু থাকবে না। স্ত্রী-সন্তানদের খেয়ে না খেয়ে অর্ধাহারে থাকতে হবে। তাই বাধ্য হয়ে রিকশা নিয়ে বের হয়েছেন।

কঠোর বিধিনিষেধের মধ্যে গাজীপুরে শিল্পকারখানা বন্ধ। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক দিনের মতো তেমন কোনো যানবাহন দেখা যায়নি আজ। পণ্যবাহী ও জরুরি সেবার পরিবহনও অনেক কম। মহাসড়ক দুটির বিভিন্ন স্থানে গাজীপুর জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছে।

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, অকারণে কেউ গাড়ি নিয়ে বের হলে তা আটক করা এবং জরিমানাও করা হচ্ছে। আগের বিধিনিষেধের সময় সড়কে যানবাহন দেখা গেলেও চলতি কঠোর বিধিনিষেধে যানবাহনের চলাচল নেই বললেই চলে। তবে কিছু রিকশা চলাচল করছে। সেগুলোও পুলিশের উপস্থিতি টের পেলে সে স্থান থেকে দ্রুত চলে যাচ্ছে।

মীর গোলাম ফারুক বলেন, ঈদের ছুটিতে যাঁরা বাড়ি গিয়েছিলেন, তাঁদের অনেকেই নানা উপায়ে ফিরতে শুরু করেছেন। তবে চেকপোস্টের এলাকায় হেঁটে যেতে দেখা যায়। রিকশাগুলো চলতে দেওয়া হচ্ছে না। গত শনিবার রিকশাচালকদের বিরুদ্ধে ২৭টি মামলা করা হয়।

কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর জেলা পুলিশের চেকপোস্ট রয়েছে। এ ছাড়া কোনাবাড়ী এলাকায় মেট্রোপলিটন পুলিশের চেকপোস্ট জিজ্ঞাসাবাদ শেষেই মানুষকে গন্তব্য যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে যাঁরা সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেননি, তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ১২টি চেকপোস্ট রয়েছে। প্রতিটি চেকপোস্টে পুলিশের সদস্যরা পালা করে দায়িত্ব পালন করছেন। জিজ্ঞাসাবাদ ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, বিধিনিষেধ কার্যকর করতে প্রতিদিন জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।