পুলিশের মারধরে এক ব্যক্তি নিহত?
রংপুর শহরে গত শুক্রবার গভীর রাতে পুলিশের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
ওই ব্যক্তির নাম নুরুন্নবী (৩৫)। বাড়ি রংপুর শহরের সাতমাথা বালাটারি এলাকায়। তিনি বৈদ্যুতিক যন্ত্রাংশের ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চুরির একটি মামলার এক আসামির স্বীকারোক্তি অনুযায়ী, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেনের নেতৃত্বে পুলিশ নুরুন্নবীকে গ্রেপ্তার করতে গিয়েছিল।
নুরুন্নবীর স্ত্রী আরজিনা বেগম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী কোনো মামলার আসামি ছিলেন না। এরপরও শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একদল পুলিশ তাঁদের বাড়িতে যায়। তাঁর স্বামীকে গ্রেপ্তার করতে চায়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নুরুন্নবীকে ঘর থেকে বের করে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারে পুলিশ। এতে নুরুন্নবী সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে পুলিশের গাড়িতে তুলে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে আধা ঘণ্টার মধ্যে নুরুন্নবীর মৃত্যু হয়।
আরজিনা আরও বলেন, ‘আমি দুই বছর ধরে দুবাইয়ে চাকরি করছি। স্বামীকে নিয়ে যেতে তিন মাস আগে দেশে আসি। স্বামীর পাসপোর্টসহ কাগজপত্র তৈরির সব কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এ সময় এ ঘটনা ঘটল।’
নুরুন্নবীর বড় ভাই তোফাজ্জল হোসেন বলেন, তাঁদের সামনেই নুরুন্নবীকে মারধর করে পুলিশ। ভাইয়ের এমন মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না।
এ ঘটনায় পুলিশ সুপারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী মঙ্গলবারের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
তদন্ত কমিটির প্রধান এএসপি জাকির হোসেন বলেন, নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া কোনো কিছু বলা সম্ভব নয়।
এদিকে গতকাল শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নুরুন্নবীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ‘আমি ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের লোকজনের অভিযোগ আমরা তদন্ত করে দেখব।’