পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর হাতকড়া ভেঙে পালালেন একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গাঁজা উদ্ধার অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়ার একাংশ ভেঙে পালিয়েছেন একজন। বুধবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের শাহ্ কেরামতিয়া মাজার–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম নজরুল মোল্লা। তিনি বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সেকান্দার আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা উদ্ধার অভিযানে শাহ্ কেরামতিয়া এলাকায় যায় পুলিশ। গাঁজাসহ নজরুল মোল্লাকে আটক করে হাতকড়া পরানোর সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় স্থানীয় কয়েকজন নজরুলকে ছাড়িয়ে নিতে টানাহেঁচড়া করেন। একপর্যায়ে হাতকড়ার একাংশ ভেঙে নজরুল পালিয়ে যান। নজরুলকে পালিয়ে যেতে সহযোগিতা করার অপরাধে নজরুলের ভাই মোহাম্মদ আমীন ও পাশের বাড়ির হারুন ব্যাপারীর ছেলে সোহাগ ব্যাপারীকে আটক করেছে পুলিশ।

নজরুল মোল্লার স্ত্রী ফারজানা আক্তারের দাবি, তাঁর স্বামী নির্দোষ। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্যপদে নির্বাচন করবেন। এ জন্য হয়তো কেউ ষড়যন্ত্র করে তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে গাঁজা বিক্রির অভিযোগ করেছেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, গাঁজা উদ্ধার অভিযানে নজরুলকে আটক করা হয়েছিল। ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়ার একটি অংশ ছিঁড়ে তিনি পালিয়ে যান। পরে অবশ্য ওই ছেঁড়া অংশটি উদ্ধার করা হয়েছে। নজরুল মোল্লাকে আটকের চেষ্টা চলছে। সেই সঙ্গে নজরুলের স্ত্রীর দাবির বিষয়টি তদন্ত করে দেখা হবে।