লালমনিরহাটে পুলিশের হেফাজতে যুবক রবিউল ইসলাম খানের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন লালমনিরহাট-৩ (সদর) আসনের সাবেক সাংসদ ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব। রোববার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার কাজীর চওড়া গ্রামে নিহত রবিউলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ নিয়ে এই দাবি জানিয়েছেন তিনি।
সেখানে সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব বলেন, ‘পুলিশের হেফাজতে রবিউল ইসলাম খানের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ যেন বাঘের কাছে ছাগল আদি দেওয়ার মতো একটি ঘটনা। কারণ, যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তার সঠিক তদন্ত কি তারাই করতে পারে বা পারবে? সে জন্য দোষীর উপযুক্ত বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।’
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব আরও বলেন, এই সরকার বিনা ভোটের সরকার। এই সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ কোনো স্তরেই কোনো ধরনের জবাবদিহি নেই। সে জন্য এমন জঘন্য ঘটনা ঘটেছে। এটা মেনে নেওয়া যায় না। আর এই অন্যায়ের প্রতিবাদ করা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার, এলাকার মানুষ সেটাই করেছে।
বিএনপির এই নেতা বলেন, পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যুর অভিযোগ ওঠায় পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে (লালমনিরহাট সদর থানার এসআই হালিমুর রহমান) লালমনিরহাট জেলা পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে, এটা কোনো শাস্তি নয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন রবিউলের বাবা দুলাল খান, মা সাফিয়া বেগম, রবিউলের স্ত্রী মনিরা আখতার, লালমনিরহাট জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন প্রমুখ। আসাদুল হাবিব নিহত রবিউলের কবর জিয়ারত করেন ও তাঁর আত্মার শান্তির জন্য দোয়া করেন। পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এর আগে শনিবার দুপুরে লালমনিরহাট-৩ সদর আসনের সাংসদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নিহত রবিউলের পরিবারের খোঁজ নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার কথা বলেন।
গত বৃহস্পতিবার পয়লা বৈশাখের রাতে মেলায় যান রবিউল ইসলাম খান। সেখানে জুয়াড়ি সন্দেহে রবিউলকে আটক করে এসআই হালিমুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। পরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, আটকের পর রবিউলকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করেছেন পুলিশের সদস্যরা।