পুলিশের 'কারাতে কন্যা'

সাড়ে ছয় বছর আগের কথা। চট্টগ্রাম মহানগর পুলিশের ৮২ জন নারী সদস্যের জন্য প্রথমবারের মতো বাহিনীর পক্ষ থেকে কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। নগরের দামপাড়া পুলিশ লাইননসে চার মাসের এই প্রশিক্ষণে অন্যদের সঙ্গে অংশ নেন কনস্টেবল লতা পারভীনও। স্কুলে পড়ার সময় ডানপিটে মেয়ের পরিচয় পাওয়া লতার কাছে এই সুযোগ তখন যেন ‘ঢোলের বাড়ি’ হয়ে আসে।
২০১০ সালের ডিসেম্বরে প্রশিক্ষণ শুরু হয়। চার মাসের প্রশিক্ষণ শেষে দেখা গেল আত্মরক্ষার কৌশল রপ্ত করার ক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে লতা পারভীন। এরপর একাকী অনুশীলন চালিয়ে যান এই নারী কনস্টেবল। পরের ছয় বছরে কারাতে খেলায় নিজ বাহিনীর জন্য দেশ-বিদেশ থেকে একের পর এক সাফল্য অর্জন করেন তিনি। পুলিশ বাহিনীতে এখন তাঁর পরিচয় ‘কারাতে কন্যা’।
লতা পারভীন বর্তমানে চট্টগ্রাম নগর পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। পুলিশ বাহিনীর প্রথম নারী সদস্য হিসেবে ২০১৩ সালে বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে ব্ল্যাক বেল্ট পান তিনি। ২০১৪ সাল থেকে টানা তিন বছর পুলিশ বাহিনীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কারাতেতে প্রথম হয়েছেন তিনি। একই সময়ে জাতীয় কারাতে প্রতিযোগিতায় ২০১৪ ও ২০১৬ সালে পান রৌপ্যপদক।
আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় ২০১৫ সালে দেশের বাইরে যাওয়ার সুযোগ হয় কনস্টেবল লতার। সে বছরের জুলাই মাসে জাতীয় দলের হয়ে ভারতের কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উন্মুক্ত কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এতে নারীদের ৬৮ কেজির বেশি ওজন শ্রেণিতে স্বর্ণপদক পান লতা। এ প্রতিযোগিতায় ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ ছয়টি দেশ অংশ নেয়। পরের বছরও এই প্রতিযোগিতায় ৬৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক পান লতা। এতে সিঙ্গাপুর, জাপান, ভারত, নেপালসহ আটটি দেশ অংশ নেয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, লতা পারভীন পুলিশ বাহিনীর গর্ব। বিদেশের মাটিতে কারাতে ইভেন্টে প্রথম স্বর্ণপদক বিজয়ী পুলিশ সদস্য। তিনি দেশেও অনেক পুরস্কার পেয়েছেন। তাঁকে অনুসরণ করে অনেক নারী পুলিশ সদস্য কারাতে শিখতে উদ্বুদ্ধ হচ্ছেন।
শুধু কারাতে নয়, বক্সিং, কুস্তি, ভলিবল খেলাতেও সমান পারদর্শী লতা পারভীন। গত বছর পুলিশ বাহিনীর সেরা নারী খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন তিনি। চলতি বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাহসিকতার জন্য পুলিশ বাহিনী তাঁকে ‘মেডেল অব কারেজ’ পুরস্কার দিয়েছে।
পঞ্চগড়ের ড. আবেদা হাফিজ বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি পাস করেন লতা। পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ২০১০ সালে কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। প্রথম আলোকে তিনি বলেন, ‘স্কুলে দৌড়, ভলিবল প্রতিযোগিতায় প্রথম হতাম। পুলিশে যোগদানের পর কারাতে প্রশিক্ষণের সুযোগ পেয়ে নিজের খেলোয়াড়ি বিদ্যাটাকে আরেকটু সমৃদ্ধ করে নিলাম। সময় পেলেই কারাতে অনুশীলন করতে ভালো লাগে।’
নিজের সাফল্যের ভাগ লতা দিতে চান তাঁর স্বামী, পরিবার, সহকর্মী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের। তাঁর স্বামী কাউসার আহমেদ চিটাগাং কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান কোচ। তাঁদের পাঁচ বছর বয়সী একমাত্র ছেলেও মা-বাবার পথ ধরে কারাতে শিখছে। লতা চান সব নারীই আত্মরক্ষার কৌশল রপ্ত করুক। অবসরে নিজ উদ্যোগে বিনা খরচে তরুণীদের কারাতে প্রশিক্ষণ দেন (সপ্তাহে দুই দিন) তিনি। আত্মরক্ষার জন্য সব নারীর কারাতে জানা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান প্রথম আলোকে বলেন, পুলিশ কনস্টেবল লতা পারভীন কারাতে ফেডারেশন থেকে ব্ল্যাক বেল্ট পেয়েছেন। ২০১৫ ও ২০১৬ সালে জাতীয় দলের হয়ে তিনি আন্তর্জাতিক স্বর্ণপদক পেয়েছেন। লতা পারভীন অনেকের অনুপ্রেরণা।
চট্টগ্রাম মহানগর পুলিশের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বছরের নভেম্বরে প্রকাশিত বিশেষ ম্যাগাজিনে লতা পারভীনকে পুলিশ বাহিনীর অহংকার হিসেবে উল্লেখ করা হয়েছে।