পুষ্প অনুরাগীদের মেলা
রাজশাহীতে ‘ওয়ান ব্যাংক-পুষ্প মেলা’র গতকাল শনিবার ছিল দ্বিতীয় দিন। গতকাল মেলার পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা। আজ রোববারও মেলা চলবে। বিকেলে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে ভাঙবে তিন দিনের এই মেলা।
আয়োজকেরা বলেন, ১৯৮৫ সাল থেকে রাজশাহীতে বৈকালী সংঘ এই মেলার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও পুষ্প মেলা হচ্ছে। এ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য ও ছড়াগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলায় ১৪টি ফুলের স্টল স্থান পেয়েছে।
গত শুক্রবার মেলার উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈকালী সংঘের সভাপতি এ ওয়াই এম মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম ও উপব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হাসান।
ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হাসান প্রথম আলোকে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে তাঁরা এই মেলার আয়োজনে সহযোগিতা করে আসছেন। তাঁরা মনে করেন, যে শিশুটি ফুল ভালোবাসবে সে অন্তত বিপথগামী হতে পারবে না। তিনি বলেন, প্রতিবছর তাঁরা মেলায় এই সহযোগিতা দিয়ে যাবেন।
পুঠিয়ার বানেশ্বর এলাকার এগ্রোব্যাক নামের একটি প্রতিষ্ঠান মেলায় দেখাচ্ছে কীভাবে তারা পাতা বা ফুলের পাপড়ি থেকে গাছের চারা তৈরি করে। তাদের কাছে রয়েছে জারবেরা, লিলিয়াম ও ইস্টোমাসহ বিভিন্ন নতুন জাতের ফুল।