পুড়ে গেল পিকনিকের বাস, রক্ষা পেল ৪৯ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে বাসের ভেতরের আসন ও অন্যান্য জিনিস পুড়ে গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নূর আলী পেট্রলপাম্পের সামনে
ছবি: প্রথম আলো

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি পিকনিকের বাস আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নূর আলী পেট্রলপাম্পের সামনে এ ঘটনা ঘটেছে।

তবে এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস জানিয়েছে, সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটেছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাজু ক্যাডেট একাডেমির ৪৯ শিক্ষার্থী একটি বাস নিয়ে নাটোরের লালপুর উপজেলার গ্রিনভ্যালি পার্কে পিকনিকে এসেছিল। সেখান থেকে ফেরার পথে বাসটি নূর আলী পেট্রলপাম্পের সামনে পৌঁছালে হঠাৎ বাসের ভেতরে আগুন ধরে যায়।

তাৎক্ষণিকভাবে চালক বাসটি থামালে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আগুনে বাসের ভেতরের আসন ও অন্যান্য জিনিস পুড়ে যায়। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন
ছবি: প্রথম আলো

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সিগারেটের আগুন থেকে বাসের ভেতরে আগুনের সূত্রপাত হয়েছে। বাসের পেছনের আসনে বসে কয়েক শিক্ষার্থী ধূমপান করছিল। ওই আসনের নিচেই সাউন্ডবক্সের ব্যাটারি ছিল। অসাবধানতাবশত সিগারেটের আগুন ব্যাটারিতে পড়লে সেখানে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা করে চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ওই ৪৯ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাজু ক্যাডেট একাডেমির সংশ্লিষ্ট কেউ কথা বলতে রাজি হননি।