পূর্বধলায় নিখোঁজের দুদিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজের দুই দিন পর কামরুল ইসলাম (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ধলা যাত্রাবাড়ি বাজারের পাশে ধানখালি খাল থেকে থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কামরুল ইসলাম উপজেলার ধলা যাত্রাবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম গত সোমবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ধলা যাত্রাবাড়ি বাজারের উদ্দেশে রওনা দেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন বিকেলে বিষয়টি স্থানীয় থানা-পুলিশকে জানান। আজ সকাল ১০টার দিকে ধলা যাত্রাবাড়ি বাজারের পাশে ধানখালি খালে স্থানীয় ব্যক্তিরা কচুরিপানার নিচে ভাসমান অবস্থায় অর্ধগলিত অবস্থায় একটি লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় নিখোঁজের স্বজনেরা লাশটি কামরুলের বলে চিহ্নিত করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামরুল ইসলাম নামের ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট জানা যাবে। তবে কামরুলের পরিবারের লোকজন জানান, তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন।