পেঁয়াজ, তেলের বোতল আর থালা নিয়ে বরিশালে যুবদলের বিভাগীয় সমাবেশ
লাঠির মাথায় পেঁয়াজ, তেলের বোতল আর হাতে থালা নিয়ে বরিশালে বিভাগীয় সমাবেশের যোগ দিয়েছেন যুবদলের নেতা-কর্মীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার এ সমাবেশ করে দলটি।
সকাল থেকেই বিভাগের সব জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদলের নেতা-কর্মীরা বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তাঁদের অনেকের হাতেই লাঠির মাথায় তেলের বোতল, পেঁয়াজ, আলু ও স্টিলের থালা দেখা যায়। এই সমাবেশকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর রোডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যুবদলের নেতা-কর্মীরা এ সময় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
দুপুর ১২টার দিকে অশ্বিনীকুমার টাউন হল–সংলগ্ন জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান। তিনি বক্তব্যে বলেন, বর্তমান ডাকাত-মাফিয়া সরকারের কাছে দাবি করে লাভ নেই। ১২ হাজার কোটি টাকার স্যাটেলাইট আকাশে উড়িয়ে দেশের মানুষকে না খাইয়ে মারবে এরা। আজ দেশে কোনো গণতন্ত্র নেই, মানুষের ন্যূনতম বেঁচে থাকার মৌলিক অধিকার নেই। দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে আঁকড়ে আছে এই গণবিরোধী সরকার।
দুপুর ১২টার দিকে অশ্বিনীকুমার টাউন হল–সংলগ্ন জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও বরিশাল মহানগর সভাপতি আখতারুজ্জামান। সঞ্চালনা করেন বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তছলিম উদ্দিন, পিরোজপুর জেলা সভাপতি মিজানুর রহমান, বরিশাল জেলার ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, বরগুনা জেলা সভাপতি জাহিদ হোসেন মোল্লা, ভোলা জেলা সভাপতি জামাল উদ্দিন, ঝালকাঠী জেলা আহ্বায়ক শামীম তালুকদার, বরিশাল উত্তর জেলা যুবদল আহ্বায়ক সালাউদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এখন আর এই সরকারকে দাবি জানিয়ে কোনো লাভ নেই। এখন এক দফা নিয়ে মাঠে নামতে হবে। সেই দফা হচ্ছে সরকারের পদত্যাগ। এই সরকারকে পদত্যাগ করাতে না পারলে দেশের মানুষ না খেয়ে মরবে, গণতন্ত্রের কবর রচিত হবে। এ জন্য যুবদলের সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।