পেঁয়াজে ‘ধলতা’ব্যবস্থা বাতিলের দাবি চাষিদের

চাষিদের লোকসান হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের অভিযান চললেও ধলতা নেওয়া বন্ধ হচ্ছে না।

  • সব হাটেই একই অবস্থা। শুধু পেঁয়াজ নয়, কৃষক যে ফসল আনবেন, তাতেই একই নিয়ম।

  • ধলতা পদ্ধতি বন্ধে প্রতিটি বড় বাজারে অভিযানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেঁয়াজ বিক্রির জন্য রাজবাড়ীর সোনাপুর হাটের খ্যাতি দেশজুড়া। তবে এই হাটসহ রাজবাড়ীর সব হাটে পেঁয়াজ বিক্রি করতে এসে চাষিরা ধলতার বিড়ম্বনায় পড়ছেন
ছবি: প্রথম আলো

সারা দেশে ৪০ কেজিতে এক মণ হলেও রাজবাড়ীর বিভিন্ন হাটে এই ওজন পদ্ধতি মানা হচ্ছে না। হাটগুলোর ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে পেঁয়াজ কিনতে ৪২ কেজিতে মণ ধরছেন। পেঁয়াজসহ বিভিন্ন ফসল বিক্রির সময় কৃষকদের কাছ থেকে প্রতি মণে দুই কেজি বিনা মূল্যে নেওয়া হচ্ছে। একে স্থানীয়ভাবে ‘ধলতা’ (অতিরিক্ত) বলা হয়। দুই কেজির দাম কম দেওয়ায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের অভিযান চললেও ধলতা নেওয়া বন্ধ হচ্ছে না। পেঁয়াজের চাষিরা ধলতাব্যবস্থা বাতিলের দাবি জানিয়েছেন।

রাজবাড়ীর বিভিন্ন হাটে চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলায় প্রায় ৪০টি হাটে পেঁয়াজ বিক্রি করা হয়। উল্লেখযোগ্য হাটের মধ্যে রয়েছে খানখানাপুর, কোলারহাট, জামালপুর, বহরপুর, সোনাপুর, নারুয়া, মৃগী, পাট্টা, বাহেরমোড়, মাছপাড়া, পাংশা পুরোনো বাজার, বৃত্তিডাঙ্গা, বনগ্রাম, রতনদিয়া, খানগঞ্জ ইত্যাদি। এসব পেঁয়াজের একটি বড় অংশ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। আকার ও মানভেদে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। ৪২ কেজি পেঁয়াজের বিপরীতে কৃষক দাম পান ৪০ কেজির। অতিরিক্ত দুই কেজি ধলতা হিসেবে নেওয়া হয়। ৫০ কেজি পেঁয়াজ আনলে দাম পান ৪৭ কেজির। এ বিষয়ে কোনো প্রতিবাদ করলে চাষিদের সঙ্গে দুর্ব্যবহার করেন ব্যাপারীরা।

কৃষকেরা জানান, হাটে প্রতি মণ পেঁয়াজে ১০ টাকা করে খাজনা দিতে হয়। এরপরও দুই-তিন কেজি ধলতা দিলে কৃষকদের আর কী থাকে। হাটে কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে। প্রশাসন থেকে মাঝেমধ্যে অভিযান পরিচালনা করা হয়। এতে কিছুদিন ধলতা নেওয়া বন্ধ থাকে। কিছুদিন যাওয়ার পর আবার ধলতা নেওয়া চালু হয়।

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বাঘিয়া গ্রামের জাকির হোসেন বলেন, ‘আমরা মাথার ঘাম পায়ে ফেলে পেঁয়াজ চাষ করি। প্রতিকূল পরিবেশ হলে ফলন কম হয়। কখনো কখনো খেত তলিয়ে যায়। এত কিছু পর আমরা বাজারে পেঁয়াজ বিক্রির জন্য নিয়ে আসি। এমনিতে এক হাটে দাম বেশি গেলে পরের হাটে দাম কমে যায়। এরপর আবার মণপ্রতি ধলতায় আমাদের লোকসানের বিষয়টি কেউ দেখছেন না।’

পেঁয়াজ বিক্রির জন্য সোনাপুরের খ্যাতি দেশজুড়ে। সোনাপুরের পেঁয়াজচাষি সুজন মণ্ডল বলেন, আশপাশের সব হাটেই একই অবস্থা। দুই কেজি করে বেশি দিতে হয়। শুধু পেঁয়াজ নয়, কৃষক যে ফসল আনবেন, তাতেই একই নিয়ম। সে পাট হোক, ধান হোক বা অন্য ফসল। প্রতিবাদ করলে লাঞ্ছিত হতে হয়। এ কারণে অনিয়মকে নিয়ম হিসেবে মেনে নিতে হয়।

সোনাপুর বাজার বণিক সমিতির সভাপতি আবদুল মান্নান মিয়া বলেন, ‘মণপ্রতি দুই কেজি বেশি নেওয়ার প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। প্রায়ই এ নিয়ে ঝামেলা হয়। কিন্তু আমরা কাউকে বেশি নেওয়ার জন্য কোনো নির্দেশনা দিইনি।’

নারুয়ার পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘নারুয়া থেকেও প্রতি হাটে দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজ পাঠানো হয়। তবে সোনাপুর বা জামালপুরের চেয়ে তুলনামূলকভাবে কম। এখানে মৌসুমের সময় প্রতি হাটে ২০ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ পাঠানো হয়।

আর মৌসুম ছাড়া অন্য সময়ে প্রতি হাটে অন্তত ৮ থেকে ১০ ট্রাক পেঁয়াজ বিভিন্ন স্থানে পাঠানো হয়। এখানে আমরা মণে দুই কেজি বেশি নিয়ে থাকি। আশপাশের প্রতিটি হাটেই এভাবে নেওয়া হয়। কারণ, কাঁচামালে আমাদের অনেক ফেলনা যায়। এ কারণে কৃষকেরা ৪৭ কেজি আনলে আমরা ৪৫ কেজি ধরি।’

এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, কৃষক বা চাষিদের কাছ থেকে প্রতি মণে দুই কেজি করে বেশি নেওয়ার বিষয়টি তিনি অবগত। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

ধলতা পদ্ধতি বন্ধে প্রতিটি বড় বাজারে অভিযান চালানো হবে।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাজবাড়ীর মাটি পেঁয়াজ চাষের জন্য খুব উপযোগী। জেলার রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা ও কালুখালী এই চার উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা। অপর উপজেলা বালিয়াকান্দি গড়াই নদবিধৌত। সারা দেশের উৎপাদিত পেঁয়াজের ১৩ শতাংশ পেঁয়াজ রাজবাড়ীতে উৎপন্ন হয়।