পেকুয়ায় ২০ হাজার কেজি সরকারি চালসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া বাজারের একটি গুদাম থেকে ১৯ হাজার ৯৯০ কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় চাল মজুতের দায়ে দিদারুল ইসলাম নামের এক চাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গুদামটিতে আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। এর নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত। গ্রেপ্তার দিদারুল উপজেলার শীলখালী ইউনিয়নের হেদায়তবাদ গ্রামের কামাল হোসেনের ছেলে। বিকেলে তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে কারাগারের থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আসিফ আল জিনাত বলেন, একটি গুদাম থেকে সরকারি বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়েছে। এর মধ্যে ৩০ কেজি চালের ৩৩৩টি বস্তা এবং ৫০ কেজি চালের ২০০টি বস্তা ছিল। বস্তাগুলোর ওপর সরকারি সিল-ছাপ ছিল। পরে গুদামটি সিলগালা করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ব্যবসায়ী দিদারুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাঁকে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।