পেকুয়ায় ইউপি চেয়ারম্যানের দুই স্বজনের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলা
প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরীর ভাই এনায়েত উল্লাহ চৌধুরী (৩৫) ও মামাতো ভাই মো. আরাফাতের (৩২) ওপর হামলার ঘটনা ঘটেছে। কর্মস্থলে যাওয়ার পথে আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, আজ সকালে এনায়েত উল্লাহ চৌধুরী ও মো. আরাফাত মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মগনামা বাজারপাড়া এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত এসে তাঁদের গতি রোধ করে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা কিরিচ ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে।

একপর্যায়ে স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ ওরফে মাদুসহ স্থানীয় লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেন, চিহ্নিত দুর্বৃত্ত মমতাজুল ইসলামের নেতৃত্বে খোরশেদুল আলম, রোকন উদ্দিন, জসিম উদ্দিনসহ ৮ থেকে ১০ জন কিরিচ দিয়ে কুপিয়ে তাঁর ভাই এনায়েত উল্লাহকে হত্যার চেষ্টা চালান। নির্বাচন ও রাজনৈতিক বিরোধের জেরে তাঁর ভাইকে হত্যার চেষ্টা করেছেন।

ঘটনার পর থেকে মগনামা ইউপি চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মগনামার ফুলতলা স্টেশন, লঞ্চঘাট ও কাজির মার্কেট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার প্রথম আলোকে জানান, ঘটনার পর থেকে মগনামা এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ চেষ্টা করছে।