পেকুয়ায় দেড় কোটি টাকার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৭
কক্সবাজারের পেকুয়ায় দেড় কোটি টাকার ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। আজ রোববার সকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের হরিণাফাঁড়ির নুইন্না-মুইন্ন্যা সেতু এলাকা থেকে ইয়াবা বড়িগুলো জব্দ করা হয়। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
ইয়াবা বহন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাতজন হলেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ওমর ফারুক (২৯), শহীদুল ইসলাম (২৮), জয়নাল আবেদীন (৪৮), রিদুয়ানুল করিম (২২), মো. সজিব (২৫) মো. রাজু (২৭) ও ডাবলু চৌধুরী (৪১)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে ইয়াবার বড় চালান পাচার হওয়ার খবর পেয়ে আজ সকাল পৌনে সাতটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ির নুইন্না-মুইন্ন্যা সেতু এলাকায় অবস্থান নেয় পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ। এ সময় পুলিশ সংকেত দিয়ে একটি ব্যক্তিগত গাড়ি ও ব্যক্তিগত গাড়ির আগে–পিছে থাকা দুটি মোটরসাইকেল থামায়। এরপর ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল আরোহী সাতজনের শরীর তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ সাতজনকে আটক করে থানায় আনা হয়।
ইয়াবা জব্দ করার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা উখিয়ার কোটবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে নির্জন পেকুয়া উপকূলীয় সড়ক দিয়ে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন। এর আগেও আটক ব্যক্তিরা এই পথে একাধিকবার ইয়াবার চালান পৌঁছে দিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই সাতজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ দুপুরে পেকুয়া থানায় মামলা করেছে।
ওসি আরও বলেন, উখিয়ার কোটবাজার এলাকায় কার কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ হয়েছিল, তার পরিচয় শনাক্ত হয়েছে। টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর ও পেকুয়ার একাধিক শক্তিশালী চক্র উপকূলের পাশাপাশি চকরিয়া-পেকুয়া ও বাঁশখালী হয়ে চট্টগ্রামে ইয়াবার চালান পৌঁছে দিচ্ছে।
দুই বছরে আগে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডির ঘাটে মাছ ধরার একটি ট্রলারে হানা দিয়ে ১৪ লাখ ইয়াবার সবচেয়ে বড় চালান জব্দ করেছিলেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) এই শেখ মোহাম্মদ আলী। এ সময় তিনজন পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে শহরের নুনিয়াছটার দুটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির ১ কোটি ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়েছিল।