পেকুয়ায় নাকে খত দেওয়ানো এসআই সাময়িক বরখাস্ত
কক্সবাজারের পেকুয়ায় একজন ট্রাকচালককে নাকে খত দেওয়ানোর ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে নাকে খত দেওয়ানোর বিষয়টি প্রমাণিত হওয়ায় গত শুক্রবার রাতে এসআই তৌহিদুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে।
তাঁকে (এসআই) চাপা দেওয়ার চেষ্টা করেছেন—এই অভিযোগ তুলে গত বৃহস্পতিবার কক্সবাজারের পেকুয়ার চৌমুহনী স্টেশন মোড়ে পেকুয়া থানার এসআই তৌহিদুল ইসলাম একজন ট্রাকচালককে নাকে খত দিতে বাধ্য করেন। নাকে খত দেওয়ার দৃশ্য ফেসবুকসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
পরে বৃহস্পতিবার বিকেলে এসআই তৌহিদুলকে পেকুয়া থানা থেকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই সঙ্গে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলামকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার।