পেকুয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার করে। আজ রোববার সকালে তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ইউনুছ চৌধুরী মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়া এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীন হত্যা মামলার ২ নম্বর আসামি। গত ২ মে রাতে ফুলতলা স্টেশনে সন্ত্রাসীরা জয়নালকে কুপিয়ে ও গুলিতে হত্যা করে। এ ঘটনায় জয়নালের ভাই আমিরুজ্জামান বাদী হয়ে ৩২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, ইউনুছ চৌধুরী পলাতক ছিলেন। গতকাল রাতে কক্সবাজার শহর থেকে ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে পেকুয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ইউনুছ চৌধুরীর বিরুদ্ধে জয়নাল হত্যা মামলা ছাড়াও চাঁদাবাজি, অস্ত্র ও মাদকের আরও ছয়টি মামলা আছে।