পেছন থেকে ট্রাকের ধাক্কা, ঘটনাস্থলেই সাইকেল আরোহী কিশোর নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ফাহাদ হোসেন (১৪) নামের বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সাইকেলচালক আবদুল করিম (৫৫) আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল করিম উপজেলার চৌধুরীহাট বাজারের ব্যবসায়ী। ফাহাদ হোসেন তাঁর বাড়িতে থেকে দোকানে কাজ করত। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে করিম বাড়ি থেকে একটি বাইসাইকেলযোগে ফাহাদকে নিয়ে দোকানের উদ্দেশে যাত্রা করেন।
পথে তাঁদের সাইকেলটি চৌধুরীহাট এলাকার আশরাফ ব্যাপারী বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক সাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন দুই সাইকেল আরোহী। ঘটনাস্থলেই মারা যায় ফাহাদ। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আবদুল করিমকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, ফাহাদ হোসেনের বাবা নেই। সে দীর্ঘদিন ধরে আবদুল করিমের বাড়িতে থাকত এবং দোকানে কাজ করত। আজ সকালে ফাহাদকে বাইসাইকেলযোগে স্থানীয় চৌধুরীহাটে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের আলোকে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।