পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাপলা বর্তমানে নওগাঁ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন
ছবি: প্রথম আলো

নওগাঁর মহাদেবপুর উপজেলায় শাপলা বানু (২৫) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার ওই গৃহবধূর মা জাহেরা বানু বাদী হয়ে মহাদেবপুর থানায় শাপলার স্বামীসহ শ্বশুরবাড়ির সাতজনকে আসামি করে মামলা করেছেন।

অভিযোগ পাওয়ার পর ওই গৃহবধূর স্বামী বায়েজিদ চৌধুরীকে (২৮) আজ দুপুরে মহাদেবপুরের নওহাটা এলাকা থেকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা–পুলিশ। বায়েজিদ চৌধুরী উপজেলার শরিপপুর গ্রামের খয়বর চৌধুরীর ছেলে। বায়েজিদের স্ত্রী শাপলা বানু নওগাঁ সদর উপজেলার কুমরইল গ্রামের আবদুস সাত্তারের মেয়ে।  

গত রোববার স্বামীর বাড়িতে শাপলা বানুর ওপর নির্যাতনের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। নির্যাতনের খবর পেয়ে শাপলার মা জাহেরা বানু স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে ওই দিনই নওগাঁ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর গর্ভপাত হয়। বর্তমানে শাপলা নওগাঁ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শাপলার পরিবার জানায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের জুলাই মাসে শাপলা ও বায়েজিদ ঢাকার একটি কাজি অফিসে বিয়ে করেন। বিয়ের পর বায়েজিদ শাপলাকে ঢাকায় বোনের বাড়িতে তোলেন। শাপলা অন্তঃসত্ত্বা হলে বায়েজিদ তাঁকে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেন। বাবার বাসায় থাকা অবস্থায় বায়েজিদ শাপলাকে ফোন করে বলেন, তাঁর মা–বাবা অন্য একটি মেয়ের সঙ্গে তাঁকে বিয়ে দিয়েছেন। তাই তাঁকে ভুলে যেতে বলেন।

এজাহার সূত্রে জানা গেছে, শাপলা খোঁজ নিয়ে জানতে পারেন, বায়েজিদ তাঁর প্রথম বিয়ের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করেছেন। দ্বিতীয় বিয়ের খবর নিশ্চিত হওয়ার পর গত রোববার শাপলা তাঁদের বিয়ে কাগজপত্র নিয়ে বায়েজিদের বাড়িতে হাজির হন। এ সময় বায়েজিদ ও তাঁর পরিবারের লোকজন শাপলাকে সেখান থেকে চলে যেতে বলেন। শাপলা যেতে না চাইলে বায়েজিদ, তাঁর চাচাতো ভাই নাজমুল, চাচা আবদুল কুদ্দুস, চাচি ফাতেমাসহ আরও কয়েকজন মাথার চুল ধরে শাপলাকে মারধর করেন। একপর্যায়ে বায়েজিদের চাচাতো ভাই নাজমুল তাঁর পেটে লাথি মারলে তাঁর রক্তক্ষরণ শুরু হয়। এ সময় শাপলাকে ওই অবস্থাতেই সেখানে ফেলে রাখা হয়।

হাসপাতালে ভর্তির সময় থেকেই তাঁর রক্তক্ষরণ হচ্ছিল। আঘাত ও অধিক রক্তক্ষরণের কারণে তাঁর গর্ভপাত হয়েছে। এখনো তাঁর রক্তক্ষরণ বন্ধ হয়নি।
জাহিদ নজরুল চৌধুরী, তত্ত্বাবধায়ক, নওগাঁ সদর হাসপাতাল

পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শাপলার মা ও নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়ন পরিষদের সদস্য সুমন প্রামাণিকের সহায়তায় তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর গর্ভপাত হয়।

হাসপাতালে চিকিৎসাধীন শাপলা খাতুন প্রথম আলোকে বলেন, ‘বায়েজিদ ও তাঁর পরিবারের লোকজন আমার সঙ্গে প্রতারণা করেছে, সেটাও আমি মেনে নিতাম। কিন্তু আমার গর্ভের সন্তান কী অপরাধ করেছে? তাঁকে কেন হত্যা করল? আমি এই নিষ্ঠুরতার বিচার চাই।’

আজ বিকেলে নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল চৌধুরী বলেন, শাপলার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের গভীর ক্ষত রয়েছে। হাসপাতালে ভর্তির সময় থেকেই তাঁর রক্তক্ষরণ হচ্ছিল। আঘাত ও অধিক রক্তক্ষরণের কারণে তাঁর গর্ভপাত হয়েছে। এখনো তাঁর রক্তক্ষরণ বন্ধ হয়নি। চিকিৎসা দিয়ে তাঁকে সেরে তোলার চেষ্টা করা হচ্ছে।

জানতে চাইলে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর মা জাহেরা বিবি বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযোগ পাওয়ার পরই প্রধান অভিযুক্ত বায়েজিদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।