পেপসিকো ও ব্র্যাকের উদ্যোগে বিশুদ্ধ পানি পেয়েছে কক্সবাজারের ১৩ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

কক্সবাজারের বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে পেপসিকোর জনসেবামূলক সংস্থা পেপসিকো ফাউন্ডেশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক। ২২ মার্চ বিশ্ব পানি দিবস উপলক্ষে এ ঘোষণা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পানি সরবরাহের জন্য উদ্যোক্তারা এর মধ্যেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করেছে। এই প্রকল্পটি সমাজের ১৩ হাজারের বেশি মানুষ এবং ১ হাজার ২০০ শর বেশি সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টেকসই ও সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে।

ব্র্যাকের কমিউনিকেবল ডিজিজ, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র ডিরেক্টর মো. আকরামুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্য ও সুরক্ষার জন্য বিশুদ্ধ পানি অত্যাবশ্যক। পেপসিকো ফাউন্ডেশনের সঙ্গে সমন্বিত প্রচেষ্টায় কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় অসহায় মানুষের কাছে নিরাপদ খাওয়ার পানি সরবরাহ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। সেই সঙ্গে ব্র্যাকের পানি উদ্যোক্তাদেরও ধন্যবাদ জানাতে চাই।’

পেপসিকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দেবাশীষ দেব বলেন, ‘উইনিং উইথ পেপ+ভিশনের অংশ হিসেবে পেপসিকো তার ফাউন্ডেশনের মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য পরিষ্কার ও নিরাপদ পানির নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে টেকসই এবং ব্যবহার উপযোগী সমাধান নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

সম্প্রদায়গুলোকে পানি সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং বিতরণে সফলভাবে সহায়তা করতে পারাই এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল, যা আমাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।’
এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছিল মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায়, যেখানে অধিকাংশ পানির উৎসে আর্সেনিক ও আয়রনের উপস্থিতি আছে। এই এলাকার মানুষ পানির জন্য অগভীর কূপ ও পুকুরের ওপর নির্ভরশীল, যা নিরাপদ পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে পারে না।

২০০৬ সাল থেকে যাত্রা শুরু করে পেপসিকো ফাউন্ডেশন এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৬৮ মিলিয়নের বেশি মানুষের পানির ব্যবস্থা করেছে। ২০৩০ সালের মধ্যে সংখ্যাটি ১০০ মিলিয়নে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

পেপসিকো পণ্যগুলো বিশ্বের দুই শতাধিক দেশ এবং এলাকায় দৈনিক ১ বিলিয়নের বেশিবার উপভোগ করা হয়। খাদ্য এবং পানীয়র মতো পরিপূরক পণ্য যেমন ফ্রিট–লে, গেটরেড, পেপসি কোলা, কোয়েকার, ট্রপিক্যানা এবং সোডা স্ট্রিম দ্বারা ২০২০ সালে পেপসিকো ৭০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করে।

পেপসিকোর জনসেবামূলক সংস্থা পেপসিকো ফাউন্ডেশন ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। পেপসিকো ফাউন্ডেশন উদীয়মান সম্প্রদায়গুলোকে সমর্থন করার লক্ষ্যে টেকসই খাদ্যব্যবস্থার অপরিহার্য উপাদানগুলোতে বিনিয়োগ করে। বিশ্বজুড়ে অলাভজনক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সঙ্গে তারা ক্ষুধার সমস্যা, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং খামার থেকে পরিবার পর্যন্ত পুষ্টির চ্যাম্পিয়ন হিসেবে নারীদের সমর্থন করা নিয়ে কাজ করে যাচ্ছে।

অন্যদিকে হতদরিদ্র, সংঘাতপ্রবণ এবং দুর্যোগ–পরবর্তী অঞ্চলের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সাশ্রয়ী, প্রমাণভিত্তিক প্রোগ্রাম বাস্তবায়নে ব্র্যাক বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক এখন পর্যন্ত এশিয়া ও আফ্রিকার ১১টি দেশের ১০০ মিলিয়নের বেশি মানুষের জীবন বদলে দিয়েছে।