নির্বাচন কমিশন যাচাই না করায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে পোলিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ঝাড়ুদার, আয়া ও দারোয়ানসহ ১১ জন। ওই ব্যক্তিরা পরে তাঁদের নাম বাদ দেওয়ার আবেদন করায় বিষয়টি জানাজানি হয়। পরে এই ১১ জনকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অক্ষরজ্ঞানসম্পন্ন চতুর্থ শ্রেণির ওই কর্মচারীদের বদলে নতুন করে ১১ জন শিক্ষককে ওই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। মিরপুরের শাহ আলী মহিলা কলেজ থেকে ওই তালিকা পাঠানো হয়। কিন্তু ভোট গ্রহণ কর্মকর্তার (পোলিং অফিসার) তালিকায় চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগের বিষয়টি রিটার্নিং কর্মকর্তার দপ্তরের কারও চোখে পড়েনি। গত বৃহস্পতিবার বিকেলে ওই ১১ কর্মচারী তাঁদের নাম বাদ দেওয়ার আবেদন জানানোর পর রাতেই তাঁদের নাম বাদ দেওয়া হয়।
উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, ঝাড়ুদার-দারোয়ানদের নাম পাঠানোর কারণে মিরপুরের শাহ আলী মহিলা কলেজের অধ্যক্ষ ময়েজ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।
পোলিং অফিসার নিয়োগের বিষয়ে নির্বাচনী আইনে বলা আছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সরকারি ও সরকারি অনুদান পাওয়া কলেজের কর্মকর্তা-কর্মচারী, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিমার কর্মকর্তা-কর্মচারী, সরকারি ও সরকারি অনুদান পাওয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সরকারি ও নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং প্রয়োজনবোধে নির্ভরযোগ্য যেকোনো প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিয়োগ দেওয়া যাবে। আইনগতভাবে বাধা না থাকলেও রেওয়াজ অনুযায়ী পোলিং অফিসার হিসেবে চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ দেওয়া হয় না।
জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, আইনের সীমাবদ্ধতার কারণে অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং কমিশনকে এ বিষয়ে আগেই সতর্ক হওয়া উচিত ছিল। যাঁরা ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন, তাঁরাও অফিসার পদবির। সুতরাং নিয়োগের শর্তাবলিতে উল্লেখ থাকা উচিত, চতুর্থ শ্রেণির কর্মকর্তা নিয়োগ দেওয়া যাবে না। আর কেউ চতুর্থ শ্রেণির কর্মচারীর নাম পাঠালে তা বাছাই করে বাদ দেওয়া উচিত। কিন্তু কমিশন এ ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর ও ওই কলেজের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য শাহ আলী মহিলা কলেজ থেকে ৬৪ জনের নামের তালিকা পাঠানো হয়। এঁদের মধ্যে ১১ জন চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। রিটার্নিং কর্মকর্তা ৬৪ জন থেকে ১১ জনের নাম বাদ দিয়ে ৫৩ জনকে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। বাদ পড়া ওই ১১ জনই ছিলেন শিক্ষক। ৫৩ জনের দায়িত্ব বণ্টন করে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে কলেজে চিঠি পাঠানোর পর জানা যায়, তাতে ১১ জন চতুর্থ শ্রেণির কর্মচারী আছেন। এতে বাদ পড়া ১১ শিক্ষক কলেজের অধ্যক্ষের কাছে গিয়ে ক্ষোভ জানান।
পরে কলেজ কর্তৃপক্ষের নির্দেশে ওই ১১ কর্মচারী ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা থেকে নিজেদের নাম বাদ দিতে কমিশনে আবেদন করেন। এতে তাঁরা নিজেদের নাম ও পদবি উল্লেখ করে বলেন, ‘আমরা অক্ষরজ্ঞানসম্পন্ন কর্মচারী। ইতিপূর্বে কখনো নির্বাচনী দায়িত্ব পালন করি নাই। ভোটকক্ষে ভোটারদের আঙুলে কালি লাগানো ব্যতীত অন্য কোনো কাজ আমাদের পক্ষে করা সম্ভব নয়।’
আবেদনকারী ১১ কর্মচারী হলেন মো. শাহজাহান (দারোয়ান), মো. শুক্কুর আলী (দারোয়ান), মোজাম্মেল হক (দারোয়ান), মো. জামাল (নৈশপ্রহরী), সামসুল হক (দারোয়ান), একরামুল হক (মালি), কবির হোসেন (সুইপার), পারুল আক্তার (আয়া), মনোয়ারা বেগম (পিয়ন), দেলোয়ার হোসেন (ঝাড়ুদার) ও রুনা আক্তার (ঝাড়ুদার)।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ ময়েজ উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কলেজ থেকে ৬৪ জনের তালিকা পাঠানো হয়। তাতে ভুলবশত ১১ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর নামও অন্তর্ভুক্ত হয়। বিষয়টি জানার পর কলেজ থেকেই তাঁদের নাম প্রত্যাহারের আবেদন করা হয়।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শাহ আলম বলেন, ৬৪ জনের তালিকায় ১১ জনের নামের পাশে পদবি না থাকায় তাঁরা যে চতুর্থ শ্রেণির কর্মচারী, তা বোঝা যায়নি। বিষয়টি জানার পরপরই তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।