পোরশায় জোড়া যমজ শিশুর জন্ম
নওগাঁর পোরশায় পেটে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। শনিবার সকালে উপজেলার সারাইগাছী বাজারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই যমজ শিশুর জন্ম হয়। পরে দুপুরের দিকে দুই নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জোড়া যমজ কন্যাশিশুর মায়ের নাম ফিরোজা বেগম। তিনি পোরশা উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। তাঁর অস্ত্রোপচার করা হয় সারাইগাছি ইসলামি ল্যাব অ্যান্ড হাসপাতালে। অস্ত্রোপচার করেন হাসপাতালের চিকিৎসক নূর মোহাম্মদ।
হাসপাতালটির পরিচালক মোহাম্মদ নুরনবী জানান, গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী ফিরোজাকে গতকাল শুক্রবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তাঁর অস্ত্রোপচার করেন নূর মোহাম্মদ। অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে জোড়া যমজ কন্যাশিশুর জন্ম দেন ফিরোজা বেগম। জন্মের পর শিশু দুটি ভালোই ছিল। নওগাঁয় জোড়া লাগা শিশুর চিকিৎসা নেই। তাই দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের।
চিকিৎসক নূর মোহাম্মদ বলেন, বাংলাদেশেই জোড়া লাগা যমজ শিশুর চিকিৎসা সম্ভব। তবে এই চিকিৎসা খুবই ব্যয়বহুল। বিত্তবান মানুষ ছাড়া এই ধরনের চিকিৎসা করানো খুবই কঠিন।
যমজ নবজাতকের বাবা জাহাঙ্গীর আলম পেশায় একজন কৃষক। নিজের সামান্য কিছু জমি ও অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে কোনোরকমে সংসার চলে তাঁর। জোড়া যমজ শিশুর চিকিৎসা করার মতো তাঁর সামর্থ্য নেই।
জোড়া যমজ কন্যাশিশুর বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘চিকিৎসক কছে, সন্তান দুটা বাঁচাতে হলে নাকি জরুরিভাবে অপারেশন করাতে হবে। সেটা নাকি অনেক খরচ। হামার সন্তান দুটাক বাঁচাতে সরকার ও সমাজের বিত্তবান মানুষের কাছে হামি সাহায্য চাই।’