রাজশাহী
পৌনে চার বছরেও শেষ হয়নি নির্মাণকাজ
রাজশাহীতে নির্মিত প্রথম শহীদ মিনারের স্থানে ২০১৮ সালে শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়। বিল না দেওয়ায় ঠিকাদার কাজ শেষ করেননি।
রাজশাহীর ভাষাসৈনিকদের দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহীতে নির্মিত প্রথম শহীদ মিনারের স্থানে পৌনে চার বছর আগে নতুন একটি শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়। দুই বছরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু আজও ওই শহীদ মিনারের কাজ শেষ হয়নি।
ভাষা আন্দোলনে সক্রিয় থাকা রাজশাহীর বিশিষ্ট নাগরিকেরা দীর্ঘদিন ধরে প্রথম শহীদ মিনার হিসেবে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাস চত্বরে নির্মিত শহীদ মিনারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এ ছাড়া তাঁরা ওই স্থানে একটি শহীদ মিনার স্থাপনের দাবি করছিলেন। এই দাবির পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৩০ অক্টোবর রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা সেই শহীদ মিনারের নির্মাণকাজের উদ্বোধন করেন।
রাজশাহী সিটি করপোরেশন সূত্র জানায়, সাবেরা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান শহীদ মিনার নির্মাণের কাজটি পায়। ওই কাজের জন্য ৫০ লাখ টাকাও বরাদ্দ করা হয়। ২০২০ সালের ৩০ জুন কাজ শেষ করার কথা। কিন্তু এখন পর্যন্ত ওই শহীদ মিনারের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। ওই কাজ মাটির নিচেই হয়েছে।
রাজশাহী কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ‘নতুন এই শহীদ মিনারের জন্য আমি জায়গা ছেড়ে হোস্টেলের রাস্তা করেছিলাম। শহীদ মিনারের দৃশ্যটা যেন সুন্দর হয়, একনজরে সবার চোখে পড়ে, এ জন্য পাশের ডাইনিংটাও অন্যত্র সরিয়ে নিলাম। কিন্তু কাজ যতটুকু হয়েছে, তা মাটির নিচেই। চার বছর হতে যাচ্ছে। এখন সিটি করপোরেশন কী করছে জানি না।’
এ বিষয়ে চিকিৎসার জন্য দিল্লিতে অবস্থানরত রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই শহীদ মিনারের জন্য তিনি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছিলেন। এত দিনেও কেন হয়নি, তা সিটি করপোরেশন বলতে পারবে।
শহীদ মিনার নির্মাণের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান সাবেরা এন্টারপ্রাইজের মালিক জুলফিকার হায়দার বলেন, ওই শহীদ মিনারের জন্য মাটির নিচে ২২টি পাইলিং করা হয়েছে। এ জন্য ৩৫ লাখ টাকা বিল হয়েছিল। পাইলিং করার পরে তিনি সিটি করপোরেশনে বিল দাখিল করেছিলেন। সেই বিল পরিশোধ করা হয়নি। টাকা না পাওয়ায় তিনি ওপরের অংশের কাজে হাত দিতে পারেননি।
শহীদ মিনার নির্মাণকাজ নির্ধারিত সময়ের পরেও কেন শেষ হয়নি, এমন প্রশ্নের জবাবে রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম বলেন, সংশোধিত বড় প্রকল্পের সঙ্গে কাজটি ধরা হয়েছে। এখন সেটি করতে একটু দেরি হবে। কত দিন পর কাজ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, ছয়-সাত মাসের আগে হবে না। বিল পরিশোধের বিষয়ে তিনি বলেন, তখন যে প্রকৌশলী দায়িত্বে ছিলেন, এখন তিনি অবসরে গেছেন। না জেনে তিনি বলতে পারবেন না।
রাজশাহীতে এখন পর্যন্ত কোনো কেন্দ্রীয় শহীদ মিনার নেই। এ বিশেষ দিনগুলোতে রাজশাহী কলেজ শহীদ মিনার, নগরের ভুবনমোহন পার্কের স্মৃতিসৌধ ও কোর্টচত্বর এলাকার শহীদ মিনারে মানুষ শ্রদ্ধা নিবেদন করে থাকেন। একটি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জন্য সম্প্রতি সোনাদিঘির পশ্চিম পাশে একটি স্থান নির্ধারণ করা হয়েছে।