পৌর ভবনে ঢুকে নজিপুর পৌর মেয়রকে মারধর, কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁর নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবীর চৌধুরী
ছবি: প্রথম আলো

নওগাঁর নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবীর চৌধুরীকে হত্যাচেষ্টার অভিযোগে ওই পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান ওরফে মিতুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌরসভার কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পত্নীতলা থানার পুলিশ।

মিজানুর রহমান নজিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গতকাল সোমবার দুপুরে তিনি পৌর ভবনে মেয়র রেজাউল কবীর চৌধুরীকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মেয়র রেজাউল কবীর বাদী হয়ে কাউন্সিলর মিজানুরের বিরুদ্ধে হত্যাচেষ্টা, ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগে পত্নীতলা থানায় মামলা করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, সোমবার দুপুরে পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরী পৌর ভবনের নিচতলায় নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় কাউন্সিলর মিজানুর রহমান কিছু বিলে স্বাক্ষর না করার জন্য মেয়রের কাছ কৈফিয়ত চান এবং তাৎক্ষণিক বিলে স্বাক্ষর করতে বলেন। এ সময় মেয়র বিলে স্বাক্ষর করতে না চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কাউন্সিলর মিজানুর মেয়রকে চেয়ার ছুড়ে মারেন। এর ফলে মেয়র রেজাউল নিজ চেয়ার থেকে মেঝেতে পড়ে যান। এ সময় মিজানুর মেয়রকে এলোপাতাড়িভাবে লাথি ও কিল-ঘুষি মারতে থাকেন। মেয়রের চিৎকার শুনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিলে স্বাক্ষর না করলে মিজানুর আমাকে প্রাণে মেরে ফেলবেন বলে হুমকিও দিয়েছেন। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।
রেজাউল কবীর চৌধুরী, মেয়র, নজিপুর পৌরসভা
মেয়রকে মারধরের ঘটনায় কাউন্সিলর মিজানুরের বিচার চেয়ে নজিপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার দুপুরে
ছবি: প্রথম আলো

হাসপাতালে চিকিৎসাধীন মেয়র রেজাউল কবীর চৌধুরী বলেন, ‘পৌরসভার অনুমোদন ছাড়াই কাউন্সিলর মিজানুর নিজের ইচ্ছেমতো প্রকল্প তৈরি করে কাজ করেছেন। ওই সব কাজের বিলে তিনি আমাকে স্বাক্ষর করতে বলেন। কিন্তু নিয়মবহির্ভূত কাজের বিলে আমি স্বাক্ষর না চাইলে তিনি আমার ওপর অতর্কিত হামলা করেন। নিয়মবহির্ভূত বিলে স্বাক্ষর করে টাকা আদায় একধরনের চাঁদাবাজি। বিলে স্বাক্ষর না করলে মিজানুর আমাকে প্রাণে মেরে ফেলবেন বলে হুমকিও দিয়েছেন। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, নজিপুর পৌরসভার মেয়রকে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় পৌর কাউন্সিলর মিজানুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে নেওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে পৌর মেয়রকে মারধরের ঘটনায় অভিযুক্ত মিজানুরের বিচার চেয়ে আজ দুপুরে নজিপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌর ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন।