করোনা সংক্রমণ রোধে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় আজ রোববার থেকে শুরু হওয়া বিশেষ বিধিনিষেধের প্রথম দিন সকাল থেকে শহরের অধিকাংশ সড়ক ছিল ফাঁকা। বেলা তিনটার পর বন্ধ হয়ে যায় সব ধরনের দোকান। এরপর রাস্তাঘাট আরও ফাঁকা হতে থাকে।
মোংলা উপজেলার পৌর শহরে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রোববার সকাল থেকে আট দিনের বিশেষ বিধিনিষেধ দেয় উপজেলা প্রশাসন। বিধিনিষেধের আওতায় মোংলা পোর্ট পৌরসভা এলাকায় প্রবেশ ও বের হওয়া নিষেধ করা হলেও চলাচল করছে দূরপাল্লার বাস।
মোংলা নদীর উত্তরে মোংলা বন্দর ও ইপিজেড, দক্ষিণে মূল শহর। তবে উত্তর পাড়েও রয়েছে পৌরসভার একটি ওয়ার্ড (৪ নম্বর)। সরেজমিন ঘুরে দক্ষিণ পাড়ে বিধিনিষেধ পালনে কঠোরতা চোখে পড়লেও অপর প্রান্তে দেখা গেছে কিছুটা ঢিলেঢালা ভাব।
সরেজমিনে মোংলা শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। তিনটার আগেই কাঁচাবাজার, ওষুধের দোকান বন্ধ করার তোড়জোড় দেখা যায়। মোড়ে মোড়ে ছিল পুলিশ, আনসারের সক্রিয় অবস্থান। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যানবাহন প্রবেশে বাধা দিচ্ছে পুলিশ। মাইকে ঘোষণা করা হচ্ছে সতর্কতা, বিধিনিষেধ। তবে ঘাট পার হতে এবং জেলা শহর থেকে মোংলা বন্দর ও পৌরসভার প্রবেশদ্বার দিগরাজ বাজারে কোনো তল্লাশিচৌকি চোখে পড়েনি।
মোংলা বাসস্ট্যান্ড এলাকার ভ্রাম্যমাণ শরবত বিক্রেতা ছলেমান হোসেন বলেন, ‘নিষেধাজ্ঞা তো ওপারে। এপারে একটু কম। দ্যাখেন না, বাস চলে।’
বাসস্ট্যান্ড এলাকায় টিকিট বিক্রিতাদের কয়েকজন বলেন, বাস চলছে। সব জায়গার বাসই চলছে। খুলনা, ঢাকা, চট্টগ্রাম কোথায় যাবেন। বাস বন্ধ না।
কাউন্টারে টিকিট নিতে আসা চিলা এলাকার জয়নাল হাসান বলেন, চট্টগ্রামে যাওয়ার জন্য তিনি টিকিট নিয়েছেন। মোংলা উপজেলার চিলা বা জয়মণি এলাকা থেকে মোংলা বাসস্ট্যান্ডে যেতে হলে পৌরসভার ভেতর দিয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তিনি পৌরসভার মামার ঘাটের খেয়া পার হয়ে বাসস্ট্যান্ডে এসেছেন।
তবে ঘাটে মানা হচ্ছে বিধিনিষেধ। পারাপারের ট্রলারে ১৬ জনের বেশি লোক নেওয়া হচ্ছে না। করোনার আগে এখানে খেয়া পার হতে ৩ টাকা ভাড়া থাকলেও লোকসংখ্যা বেঁধে দেওয়ার পর থেকে ট্রলারগুলোতে যাত্রীপ্রতি এখন ৫ টাকা নেওয়া হচ্ছে।
পৌর শহরের চৌধুরীর মোড়, শাহাদাতের মোড়, কলেজ মোড়, কুমারখালী, কাইনমারীসহ আটটি পয়েন্টে বসেছে তল্লাশিচৌকি। এসব চৌকিতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকেরা ইউনিয়ন থেকে আসা অপ্রয়োজনীয় কাউকে শহরে প্রবেশ করতে দিচ্ছেন না।
বিধিনিষেধের এই কয়েক দিনে উপজেলার ছয়টি ইউনিয়নের লোকজনকে পৌর শহরে প্রবেশে মানা করা হয়েছে। শহরের মধ্যেও চলাচল সীমিত করা হয়েছে।
মুদি, কাঁচা মাছ, মাংস ও ওষুধের প্রয়োজন ছাড়া কাউকে চলাচল করতে নিষেধ করা হয়েছে। ওই সব দোকান ছাড়া পৌরসভার সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। খাবার দোকান খোলা থাকলেও শুধু পার্সেল ছাড়া বসে খাওয়া নিষেধ। রাস্তায় বের হওয়া অধিকাংশের মাস্ক থাকলেও মাস্ক পরতে অনীহাও দেখা গেছে। এ জন্য ভ্রাম্যমাণ আদালতে কয়েকজনকে জরিমানাও গুনতে হয়েছে।
মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক নূর আলম শেখ বলেন, লোকজন বিধিনিষেধ মেনে চলছেন। রাস্তাঘাটে লোকজন আছেন, তবে অন্যান্য দিনের চেয়ে কম। সামনের দিনগুলোতেও প্রশাসন এই বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর থাকবে বলে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, বন্দর ও ইপিজেডে মোংলা ছাড়াও আশপাশের বহু এলাকার লোকজন কাজ করেন। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কারণে যাতায়াত করতে হয়। বন্দরে আসা বিদেশি জাহাজ, অভ্যন্তরীণ নৌযান ও ইপিজেডের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার প্রথম আলোকে বলেন, বাস চলাচল এখনো বন্ধ ঘোষণা করা হয়নি। এটি বিবেচনা করা হবে। কোস্টগার্ড ও নৌ পুলিশকে বলা হয়েছে কোনো অবস্থায় যেন নৌযানগুলো থেকে কেউ নামতে না পারে। মোংলা পোর্ট ও ইপিজেডের বিষয়ে ইউএনও বলেন, ‘মোংলা বন্দর এলাকায় বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থাপনা করবে বলে আমাদের আশ্বাস দিয়েছে। এ ছাড়া ইপিজেড কর্তৃপক্ষ ভেতরের কারখানাগুলোর শ্রমিকদের ডিউটি শিফটিং করে দিচ্ছে।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, সতর্কতার সঙ্গে বন্দরে জাহাজের পণ্য ওঠানামা, পরিবহন ও দাপ্তরিক কাজ চলছে। দেশের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধির জন্য করোনার মধ্যে ঝুঁকি নিয়ে বন্দরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা বন্দরের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে সর্বোচ্চ সতর্কতার মধ্য দিয়েই বন্দরের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ূন কবীর প্রথম আলোকে বলেন, মোংলা ছাড়া জেলার অন্য ৮টি উপজেলার অবস্থা ভালো। গত ২৪ ঘণ্টায় মোংলাতে নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত শনিবার শনাক্ত হয়েছে ৩১ জনের, তার আগের দিন ১৪ জনের। এই হার উদ্বেগজনক। ২৫ মে থেকে সংক্রমণের হার বেড়ে যাওয়াতে মোংলা পৌরসভা এলাকায় বেশ কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। এতে সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে কঠোর লকডাউনের প্রস্তাবনা দেওয়া হবে।