পৌরসভার পৌনে ৬ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া

জেলা পুলিশ অফিস, শিক্ষা প্রকৌশল বিভাগ, সরকারি পিসি কলেজ, কেন্দ্রীয় বাস টার্মিনালের বিদ্যুৎ বিলও বকেয়া।

  • বকেয়া এই বিল আদায়ে কঠোর অবস্থানে যাচ্ছে ওজোপাডিকো।

  • ওই প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, সব বকেয়া একবারে পরিশোধ করা সম্ভব নয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বাগেরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনালের মিটারে বিদ্যুৎ বিল বকেয়া দাঁড়িয়েছে ১৭ লাখ ২৭ হাজার ৩৫৬ টাকা। সম্প্রতি মিটারটিতে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো)। মিটারটি বাগেরহাট পৌরসভা মেয়রের নামে। বছরের পর বছর বিদ্যুৎ বিল পরিশোধ না করা ওজোপাডিকোর এমন ১৮টি মিটার আছে পৌরসভার নামে। এসবের বকেয়া প্রায় সাড়ে চার কোটি টাকা। এ ছাড়া বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ৪টি মিটারে পৌরসভার বকেয়া আছে ১ কোটি ৩০ লাখ টাকা। সব মিলিয়ে পৌরসভার কাছে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৮০ লাখ টাকা।

ওজোপাডিকো বলেছে, বকেয়া এই বিল আদায়ে কঠোর অবস্থানে যাচ্ছে তারা। অনেক বছর ধরে বিল পরিশোধ না করায় ইতিমধ্যে পৌরসভার মালিকানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনালের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আগামী জুন মাসের মধ্যে বকেয়া পরিশোধে অন্যান্য প্রতিষ্ঠানকেও চিঠি পাঠানো হয়েছে।

বাগেরহাট পৌরসভা ছাড়াও বিদ্যুৎ বিল বকেয়া পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জেলা পুলিশ অফিস, শিক্ষা প্রকৌশল বিভাগ, সরকারি পিসি কলেজ, কেন্দ্রীয় বাস টার্মিনাল। তবে বিদ্যুৎ ব্যবহারকারী এসব প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, নিয়ম মেনে সরকারি বরাদ্দের টাকা থেকে সমন্বয় করে আগের বকেয়া কিছু কিছু করে পরিশোধ করে যাচ্ছেন তাঁরা। সব বকেয়া একবারে পরিশোধ করা সম্ভব নয়।

ওজোপাডিকো বাগেরহাট কার্যালয়ের সহকারী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) সাইদুর রহমান বলেন, বাগেরহাট পৌরসভার নামে ১৮টি মিটারের বিপরীতে বিপুল পরিমাণ টাকা বকেয়া দাঁড়িয়েছে। এ ছাড়া পুলিশ বিভাগের কাছে ২৫ লাখ টাকা, শিক্ষা প্রকৌশল বিভাগের কাছে সাড়ে ৭ লাখ, সরকারি পিসি কলেজের কাছে ৩ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সব মিলিয়ে ওজোপাডিকোর পাওনা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।

বকেয়া টাকা আদায়ে চিঠি দেওয়া হচ্ছে উল্লেখ করে সাইদুর আরও বলেন, বকেয়া পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলমান থাকবে। কোনো কোনো প্রতিষ্ঠানের কাছে ৮ থেকে ১০ বছর আগের বিল বকেয়া রয়েছে। তারা এখন যে বিদ্যুৎ বিল হয়, তা নিয়মিতই পরিশোধ করছে কিন্তু পেছনের বকেয়া টাকা পরিশোধের চেষ্টা করছে না। আগামী জুন মাসের মধ্যে এসব প্রতিষ্ঠান নিয়মানুযায়ী বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে তাদের বিদ্যুৎ–সংযোগও ওজোপাডিকো বিচ্ছিন্ন করতে বাধ্য হবে।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মুহাম্মদ নুরুল হোসাইন প্রথম আলোকে বলেন, বাগেরহাট পৌরসভার কাছে তাদেরও ১ কোটি ৩০ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া। চারটি মিটারে এই বিল বকেয়া হয়েছে। প্রায় আড়াই বছর ধরে এই বিল বকেয়া হয়েছে।

এ বিষয়ে বাগেরহাট পৌরসভার প্রধান নির্বাহী ও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বাগেরহাট পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় পৌরসভার রাজস্ব আয়ের তহবিল থেকে। ট্যাক্সসহ বিভিন্ন তহবিল থেকে যে উপার্জন হয় (রাজস্ব), তা দিয়ে পৌরসভার কর্মচারীদের বেতন–ভাতাসহ অন্যান্য খরচ ও ব্যয় মেটানো হয়। আগামী জুনে হোল্ডিং ট্যাক্স আদায় করে ওজোপাডিকোর বিদ্যুৎ বিল পরিশোধ করার চেষ্টা করা হবে।

ওজোপাডিকোর বাগেরহাট পৌরসভার কাছে যে পরিমাণ বিদ্যুৎ বিল পাওনা আছে, তা প্রতিবছর কিছু কিছু করে পরিশোধ করা হচ্ছে বলেও উল্লেখ করেন মোছাব্বেরুল। তিনি বলেন, যেহেতু দীর্ঘ বছরের বকেয়া, তাই সব টাকা একসঙ্গে পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

পুলিশ বিভাগের বকেয়া বিদ্যুৎ বিল প্রসঙ্গে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, এই বিলকে বকেয়া বলা সমীচীন হবে না। এটি চলমান একটি প্রক্রিয়া। বরাদ্দ পাওয়া সাপেক্ষে এই বিল যথানিয়মে পরিশোধ করা হবে।