প্যারাবন নিধন করে চিংড়িঘেরের বাঁধ!
কক্সবাজারের মহেশখালীতে চিংড়িঘেরের জন্য বাঁধ নির্মাণ করতে প্যারাবনের বিপুল পরিমাণ বাইনগাছ কেটে ফেলা হয়েছে।
উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ সূত্র জানায়, উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকার মোসখালী খালের পশ্চিম পাশে অবৈধভাবে চিংড়িঘের করার লক্ষ্যে ভূমিদস্যুরা দুই বছর আগে সংরক্ষিত প্যারাবন নিধন শুরু করে। বনকর্মীদের বাধার মুখে কিছুদিন তা বন্ধ থাকে। কয়েক মাস না যেতেই আবার চিংড়িঘেরের বাঁধ নির্মাণ শুরু করে ভূমিদস্যুরা। গত সোমবার সকালে কমপক্ষে ২০০ শ্রমিক প্যারাবন কেটে আবারও বাঁধ নির্মাণের কাজ শুরু করেন। এ সময় স্থানীয় বনকর্মীরা বাধা দেন। এ সময় ভূমিদস্যুদের হামলায় বনকর্মী হামিদুর রহমান আহত হন। পরে আত্মরক্ষার্থে বনকর্মীরা ১৬টি ফাঁকা গুলি ছুড়লে ভূমিদস্যুদের নিয়োজিত শ্রমিকেরা পালিয়ে যান।
এ ঘটনায় মঙ্গলবার রাতে উপকূলীয় বন বিভাগের ঘটিভাঙা বিট কর্মকর্তা মোহাম্মদ বিপ্লব হোসেন ১৫ জনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৭০ থেকে ১৮০ জনকে।
মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, স্থানীয় প্রভাবশালী রহমত উল্লাহ, শহীদুল্লাহ, আজিজুল করিম, সেলিম উদ্দিনসহ ১৫ জন মিলে অবৈধভাবে চিংড়িঘের করার লক্ষ্যে বেশ কয়েকবার প্যারাবন নিধন করে বাঁধ নির্মাণ করেন। সর্বশেষ সোমবার প্যারাবন থেকে পাঁচ হাজার বাইনগাছ কেটে ফেলা হয়। এতে বন বিভাগের ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আজিজুল করিম বলেন, ২০০৬ সালে তাঁরা ১৫ জন ১৫০ একর খাসজমি ইজারা নেন। এ জন্য সরকারকে প্রায় এক কোটি টাকা রাজস্ব দেওয়া হয়েছে। ২০০৭ সালে ওই জমিতে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করার সময় বনকর্মীরা বাঁধটি কেটে দেন। এখন ইজারা করা জমিতে চিংড়ি চাষের জন্য বাঁধ নির্মাণ করতে গেলে বনকর্মীরা টাকা দাবি করেন। তাঁদের দাবি করা টাকা না দেওয়ায় বন বিভাগের লোকজন চিংড়ি চাষে বাধা দিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন মিথ্যা মামলায় তাঁদের জড়ানো হচ্ছে।
উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, বন বিভাগের কোনো জমি ইজারা দেওয়া হয়নি। কিন্তু দুই বছর ধরে প্রভাবশালী লোকজন প্যারাবন নিধন করে অবৈধভাবে চিংড়িঘের করার জন্য নানাভাবে চেষ্টা চালাচ্ছেন।
মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, বন বিভাগের অভিযোগ তদন্ত করতে গিয়ে প্যারাবন কেটে চিংড়িঘেরের জন্য বাঁধ নির্মাণের সত্যতা পাওয়া গেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।