প্যারিস রোডে আবার ছিনতাইয়ের শিকার রাবির ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের প্যারিস রোডে তিন দিনের ব্যবধানে আবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রিকশাযাত্রী এক ছাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় মোটরসাইকেলে আরোহী দুই ছিনতাইকারী। গত শুক্রবার দুপুরে প্যারিস রোডে একই কায়দায় ছিনতাইয়ের শিকার হন অপর এক ছাত্রী।

ছিনতাইয়ের শিকার উম্মে সালমা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় তিনি নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় উম্মে সালমা তাঁর এক বান্ধবীর সঙ্গে রিকশায় করে হলে ফিরছিলেন। রিকশাটি প্যারিস রোডে এলে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারীর একজন সালমার ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর মোটরসাইকেলটি দ্রুত চলে যায়। তাঁর ব্যাগে নগদ টাকা, মুঠোফোন, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও কাগজপত্র ছিল।

এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লিয়াকত আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী বলেন, ‘এ ঘটনায় জিডি হয়েছে। আমরা অবশ্যই দ্রুত ব্যবস্থা নেব।’