চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আগামী বুধবার সভা হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। ভার্চ্যুয়াল মাধ্যমে এ সভা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৩ মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত সভার নোটিশে বলা হয়, চট্টগ্রাম নগরের প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করতে সভা অনুষ্ঠিত হবে। এই সভায় স্থানীয় সরকার বিভাগ, পানিসম্পদ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবেরা অংশ নেবেন। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকল্প পরিচালকদের উপস্থিত থাকতে বলা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে সভা আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী ও ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের পরিচালক আহমদ মঈনুদ্দিন।
গত রোববারের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর প্রায় সব এলাকায় জলাবদ্ধতা হয়। বৃষ্টি থামার কয়েক ঘণ্টা পরেও পানি নামেনি। এমনকি নগরীর চান্দগাঁও আবাসিক এলাকাসহ কিছু কিছু এলাকায় ২৪ ঘণ্টার বেশি পানি জমে ছিল। আবার এবারের জলাবদ্ধতায় নগরীর ফিরিঙ্গিবাজার, আলকরণ, জামালখান, মাদারবাড়ি ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রথমবারের মতো পানিতে তলিয়ে যায়। এর আগে গত ১৪ মে ঈদের দিনও সামান্য বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকা পানিতে ডুবে যায়।
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ১০ হাজার ৯২১ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) দুটি, চট্টগ্রাম সিটি করপোরেশন একটি এবং পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প বাস্তবায়ন করছে। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে প্রকল্পের কাজ চললেও তার কোনো সুফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদদের অভিমত, অপরিকল্পিতভাবে প্রকল্প নেওয়ার কারণে সুফল পাওয়া যাচ্ছে না।